২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তাল মিসরে কারফিউ, সেনা মোতায়েন

সরকারবিরোধী বিক্ষোভ দমাতে মিসরের সব প্রাদেশিক শহরে কারফিউ জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কায়রো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী বিক্ষোভ দমাতে মিসরের সব প্রাদেশিক শহরে কারফিউ জারি করা হয়েছে। টানা চারদিনের বিক্ষোভের চতুর্থ দিন শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারক কারফিউ জারির আদেশ দেন। মিসরের প্রধান শহরগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ও সহিংসতায় অন্তত দু'জন নিহত এবং চারশরও বেশি লোক আহত হওয়ার পর এই পদক্ষেপ নেন তিনি। দেশটির গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেতা নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ এল বারাদিকে গৃহবন্দি করা হয়েছে বলে সিএনএন টেলিভিশন জানিয়েছে। গভীর রাতে বিবিসির খবরে বলা হয়, কারফিউ ভেঙে কায়রোর কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা আবার জড়ো হচ্ছে। হাজার হাজার মানুষ রাষ্ট্রীয় টিভি, রেডিও ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের বাইরে অবস্থান নিয়েছে। সেনাবাহিনী এখন রাষ্ট্রীয় টিভি ভবন পাহারা দিচ্ছে। এর আগে বিক্ষোভকারীদের জড়ো হওয়া ঠেকাতে ইন্টারনেট যোগাযোগ, মোবাইল ফোনের কার্যক্রম এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক ও টুইটার বন্ধ করে দেয় মিসরীয় কর্তৃপক্ষ। কিন্তু জুমার নামাজের পরপরই হাজার হাজার মানুষ রাজধানী কায়রোর রাজপথে নেমে এসে বিক্ষোভ শুরু করে। প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে তারা শ্লোগান দিতে থাকে- "সরে যাও, সরে যাও, হোসনি মোবারক'। সুয়েজ, আলেক্সান্দ্রিয়া, ইসমাইলিয়াসহ অন্য বড় শহরগুলোতেও বিক্ষোভে ফেটে পড়ে জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাথর ছুড়ে পাল্টা জবাব দেয়। বার্তা সংস্থাগুলো জানায়, গিজা শহরতলীর একটি মসজিদের বাইরের চত্বরে এল বারাদির সমর্থকদের বেধরক পিটুনি দেয় পুলিশ। বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে মানসুরা, আসওয়ান, মিনিয়া, আসুইত এবং সিনা উপদ্বীপের আল আরিশ শহরেও। সন্ধ্যায় কায়রোয় ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সদরদপ্তরসহ অন্যান্য শহরের শাখা অফিসগুলোতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পার্লামেন্ট ভবনের কাছে গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে স্কাই নিউজ। গুরুত্বপূর্ণ শহর সুয়েজ কার্যত রণক্ষেত্রে পরিণত হওয়ায় রাস্তায় ট্যাংক নামানো হয়। সেখানে টিয়ার শেলের আঘাতে নিহত হন এক নারী বিক্ষোভকারী। পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যর্থ হয়ে সন্ধ্যায় কারফিউ জারির ঘোষণা দেয় মিসর সরকার। রাষ্ট্রীয় টিভিতে জানানো হয়, কায়রো, সুয়েজ ও আলেক্সান্দ্রিয়া শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে কারফিউ বলবৎ থাকবে। কিন্তু রাতের আঁধার নেমে আসার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা কারফিউ ভেঙে আবার রাস্তায় নামে। ফলে অন্য প্রাদেশিক শহরগুলোতেও কারফিউ জারি করা হয়। একইসঙ্গে সারা দেশে সেনা মোতায়েনের ঘোষণা দেয় সরকার। রাতে কায়রোর আকাশে সামরিক হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। এর আগে মোহাম্মদ এল বারাদি দুপুরে জুমার নামাজের পর মসজিদ ত্যাগ করার সময় পুলিশ তাকে বাধা দেয়। হোসনি মুবারককে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে যোগ দিতে বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন। জনগণ চাইলে এই আন্দোলনে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন এল বারাদি। একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এল বারাদিকে গৃহবন্দি করা হয়েছে। যুক্তরাষ্ট্র তার গুরুত্বপূর্ণ মিত্র মিসরের ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রাতে এক বিবৃতিতে অবিলম্বে মৌলিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য মিসরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিসরে এই বিক্ষোভ থেকে এটাই প্রতীয়মাণন হয় যে, সাধারণ মানুষের মধ্যে বঞ্চনার ক্ষোভ বিরাজমান। একইসঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচি চালানোর অনুমতি দিয়ে ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্কসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপনের জন্য হিলারি হোসনি মোবারক সরকারের প্রতি আহ্বান জানান। মিসরের সেনা বাহিনীর প্রতি সংযম প্রদর্শনেরও আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শুক্রবার রাতে মিসরে ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ। এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সহিংসতা এড়াতে মিসরের নেতৃবৃন্দ ও বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান। সুইজারল্যান্ডের দাভোসে 'বিশ্ব অর্থনৈতিক ফোরাম'র বৈঠকে যোগ দিয়ে বান বলেন, "মিসরের জনগণ ও নেতাদের পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা এড়ানোর বিষয়টি মনে রাখা প্রয়োজন।" তিউনিসিয়ার গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ৩০ বছর ধরে প্রেসিডেন্টের ক্ষমতা ধরে থাকা মোবারকের পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারে সংগঠিত হয়ে গত মঙ্গলবার থেকে মিসরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। দেশটিতে চলমান বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/জেকে/ডিডি/এইচএ/০০৫৬ ঘ.