ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারককে নিয়ে আস্থা-অনাস্থার দোলাচলে মার্কিন কর্মকর্তারা। উইকিলিসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক বার্তায় একথা বলা হয়েছে।
শুক্রবার সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে উইকিলিকসের ফাঁস করা গোপন বার্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখনো মিশরকে অন্যতম স্থায়ী ও গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসাবেই প্রত্যক্ষ করে।
তবে মিশরের পরবর্তী নেতা নির্বাচন, অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোর আচরণে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ওপর হতাশ মার্কিন কর্মকর্তারা।
ওয়াশিংটনে মার্কিন কূটনীতিকদের পাঠানো বার্তায় দেখা গেছে, ওয়াশিংটন এখনো কায়রোকে ঘনিষ্ট মিত্র বলে মনে করে।
ইরানের পরমাণু কর্মসূচি, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রচেষ্টাকে গতিশীল করা, গাজার ইসলামিক গোষ্ঠী হামাস এর সদস্যদেরকে কঠোর পরিস্থিতির মধ্যে রাখা প্রভৃতি বিষয়ে কায়রোর ভূমিকা মার্কিন কর্মকর্তাদের জন্য সন্তোষজনক।
তাছাড়া, ইরানের ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে মিশর উদার মনোভাব বিকাশে কাজ করে।
২০০৮ সালের এক বার্তায় বলা হয়েছে, মোবারক মার্কিন কূটনীতিকদের বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিনীদের উস্কানি দেওয়ার ব্যাপারে তেহরানকে সতর্ক করেছেন তিনি।
ওই বার্তায় আরো বলা হয়েছে, ইরানকে কখনোই একটি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ হিসেবে মেনে নেবে না মিশর বলে ইরানি কর্মকর্তাদের জানিয়েছেন মোবারক।
২০০৯ সালে কায়রোয় মার্কিন রাষ্ট্রদূত মার্গারেট স্কোবি এক বার্তায় বলেন, "মিশরে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে চাপ দিলে মোবারক বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিয়ে আমাদের ওপর ক্ষুব্ধ হন।"
২০০৬ সালের এক বার্তায় মোবারকের ছেলে গামালের দেশটির ভবিষ্যৎ নেতা হওয়া নিয়ে বলা হয়, "বাবার উত্তরসূরি হিসেবে গামাল দেশের প্রেসিডেন্ট হলে রাজপথে ব্যাপক বিক্ষোভ দেখা দেবে।"
তাই গাজার হামাস গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন এবং ইরান ও ইসরায়েল বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করবে এমন গ্রহণযোগ্য নেতা নির্বাচনে মোারকের গাফিলতিতে হতাশা প্রকাশ করেন মার্কিন কূটনীতিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৪০ ঘ.
bdnews24