২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রো, সুয়েজের রাস্তায় সেনা, কারফিউ

বড় ধরনের বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে মিসর। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। রাজধানী কায়রো ছাড়াও আরো কয়েকটি নগরীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছে বহু মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কায়রো, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বড় ধরনের বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে মিসর। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। রাজধানী কায়রো ছাড়াও আরো কয়েকটি নগরীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছে বহু মানুষ। বিক্ষোভ দমনে পুলিশকে সহায়তা করতে রাজধানী কায়রো ও সুয়েজ শহরের রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী। কায়রোসহ প্রধান তিনটি শহরে জারি করা হয়েছে কারফিউ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাথর ছুড়ে পাল্টা আক্রমণ চালায়। 'তীব্র আন্দোলনের শুক্রবার' ঘোষণা দিয়ে বিক্ষোভে নেমেছে জনতা। "সরে যাও, সরে যাও, হোসনি মোবারক', বলে স্লোগান দিচ্ছে তারা। সুয়েজ ও আলেক্সান্দ্রিয়া, ইসমাইলিয়াসহ অন্যান্য শহরের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। নোবেল শান্তিপুরস্কার জয়ী মোহাম্মদ এল বারাদিকে জুমার নামাজের পর মসজিদ ত্যাগ করতে বাধা দিয়েছে পুলিশ। বারাদিকে গৃহবন্দি করা হয়েছে বলে সিএনএন'কে জানিয়েছেন উচ্চপর্যায়ের একজন নিরাপত্তা কর্মকর্তা। মিসরের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, কায়রো, সুয়েজ ও আলেক্সান্দ্রিয়া শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টা থেকে কারফিউ জারি করা হয়েছে। সুয়েজ এ কেন্দ্রস্থলে পুলিশের সঙ্গে হাজার হাজার বিক্ষোভকারীর পুরোদস্তুর সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় ট্যাংক নামানো হয়েছে। অন্য আরো কয়েকটি স্থানে বিক্ষোভ ঠেকাতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করছে পুলিশ। গিজা শহরতলীর একটি মসজিদের বাইরের চত্বরে এল বারাদির সমর্থকদের মারধোর করেছে পুলিশ। এপি একথা জানিয়েছে। মানসুরা, আসওয়ান, মিনিয়া, আসুইত এবং সিনা উপদ্বীপের আল আরিশ এও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কায়রোয় ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সদরদপ্তরসহ অন্যান্য শহরের শাখা অফিসগুলোতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে পার্লামেন্ট ভবনের কাছে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে স্কাই নিউজ। শুক্রবারের এ বিক্ষোভ-সহিংসতাই মিসরে এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভ ঠেকাতে চেষ্টার কোনো ত্র"টি করেনি সরকার। বিক্ষোভ-প্রতিবাদ বাড়ার আলামত পেয়েই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে সরকার। আলোচনার দ্বার খোলা রয়েছে বলে জানালেও বিক্ষোভ ঠেকাতে 'চরম ব্যবস্থা' নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুবারক। বিক্ষুব্ধ পরিস্থিতির মুখে মুবারক সন্ধ্যায়ই ভাষণ দেবেন বলে জানিয়েছে সিএনএন। সহিংসতা এড়াতে মিসরের নেতৃবৃন্দ ও বিক্ষোভকারীদের প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সুইজারল্যান্ডের দাভোসে 'বিশ্ব অর্থনৈতিক ফোরাম'র বৈঠকে যোগ দিয়ে বান বলেন, "ওই অঞ্চলে বিশেষ করে মিসরের জনগণ ও নেতাদের পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা এড়ানোর বিষয়টি মনে রাখা প্রয়োজন।" তিউনিসিয়ার গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ৩০ বছর ধরে প্রেসিডেন্টের ক্ষমতা ধরে থাকা মোবারকের পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারে সংগঠিত হয়ে গত মঙ্গলবার থেকে মিসরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। দেশটিতে চলমান বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকে অন্তত একহাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১২ ঘ.