জোহানেসবার্গ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা ভালো। শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বিবিসি এ খবর জানিয়েছে।
ফুসফুসে সমস্যা দেখা দেওয়ার কারণে ৯২ বছর বয়সী ম্যান্ডেলাকে গত বুধবার জোহানেসবার্গ হাসপাতালে ভর্তি করা হয়।
ম্যান্ডেলার ফাউন্ডেশন থেকে জানানো হয়, নিয়মিত শারীরিক অবস্থা পরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ম্যান্ডেলার ঘনিষ্ঠ একসূত্র জানায়, "সামরিক চিকিৎসকদের তত্ত্বাবধানে ম্যান্ডেলার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়েছে। "
তবে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকার ও ম্যাল্ডেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার শারীরিক অসুস্থতার ধরন সম্পর্কে কোনোকিছু জানানো হয়নি।
শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি খুব সম্ভবত জোহান্সবার্গের বাসায় রওনা দেন বলে জানায় বিবিসি।
"তার অবস্থা স্থিতিশীল। তবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা দারকার" বলে জানিয়েছেন সার্জন জেনারেল বিজয়নন্দ রামলাকান।
ম্যান্ডেলা ফাউন্ডেশন বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনোকিছু জানাতে অস্বীকৃতি জানালেও তিনি আশঙ্কাজনক কোনো অবস্থায় নেই এবং সুস্থ আছেন বলে তারা জানায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হলে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক বিবৃতিতে বলেন, "একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরিচর্যায় প্রেসিডেন্ট ম্যান্ডেলা এখন ভালো আছেন, সুস্থ আছেন।"
রয়টার্সের প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তির পর স্ত্রী গ্রাকা ম্যাচেলসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ম্যান্ডেলাকে দেখতে যান।
গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপের পর থেকে ম্যান্ডেলাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাল্ডেলা ২০০৪ সালের জুনে তার ৮৬ তম জন্মবার্ষিকীর আগে সব ধরনের জনসংযোগমূলক কাজ থেকে অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।
দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা 'মাদিবা' নামে পরিচিত। এটি তার গোত্র নাম।
বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী ম্যান্ডেলাকে শাসকচক্রের রোষানলে জীবনের ২৭টি বছর কারাগারে বন্দি থাকতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭৫৩ ঘ.
bdnews24