২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কো বোমা হামলা; সন্দেহে মুসলিম জঙ্গি গোষ্ঠী

রাশিয়ার রাজধানী মস্কোয় দোমোদেদোভো বিমানবন্দরে চালানো আত্মঘাতী বোমা হামলার সঙ্গে ককেশাস অঞ্চলের মুসলিম জঙ্গি গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার রাজধানী মস্কোয় দোমোদেদোভো বিমানবন্দরে চালানো আত্মঘাতী বোমা হামলার সঙ্গে ককেশাস অঞ্চলের মুসলিম জঙ্গি গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সোমবারের ওই আত্মঘাতী হামলায় ৩৫ জন নিহত ও একশ' ৩০ জন আহত হয়। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বোমা হামলায় জড়িত থাকার ব্যাপারে উত্তর ককেশাসের স্টাভ্রোপোলের রাজদোবুদকো নামের এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে বলে বৃহস্পতিবার রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে। মুসলিম জঙ্গি গোষ্ঠী নোগাই জামাত'র সঙ্গে রাজদোবুদকোর সংশ্লিষ্টতা রয়েছে বলেও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। তবে ওই হামলার তদন্ত বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ। বিমানবন্দরের আন্তর্জাতিক অবতরণকেন্দ্রে সাত কিলোগ্রাম ওজনের ট্রাইনাইট্রোটলুইনের সমান শক্তিশালী বোমা হামলাকারী একজন নারী না পুরুষ সে বিষয়েও এখনো পরিস্কার হওয়া যায়নি। গত ৩১ ডিসেম্বর মস্কোর কেন্দ্রস্থলের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে এক নারী মারা যাওয়ার ঘটনার সঙ্গেও রাজদোবুদকো জড়িত ছিলেন বলে ধারণা করা হয়। হামলার পরপরই বিশ্লেষকরা বলেন, রাশিয়ার উত্তর ককেশীয় অঞ্চলের স্বাধীনতাকামী মুসলিম জঙ্গিদের হামলার ধরনের সঙ্গে এ হামলার মিল রয়েছে। ২০১০ সালের মার্চে মস্কোর সুড়ঙ্গ পথে দাগেস্তান অঞ্চলের দুই নারী আত্মঘাতী বোমা হামলা চালালে ৪০ জন নিহত হয়। ওটাই ছিলো গত ছয় বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে সহিংস হামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩১ ঘ.