২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই কোরিয়ার মধ্যে আলোচনা ১১ ফেব্রুয়ারি'

উত্তরের সাথে সামরিক আলোচনার জন্য আগামী ১১ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। বিবদমান দেশ দু'টি নিজেদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর সুযোগ খুঁজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

সিউল, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তরের সাথে সামরিক আলোচনার জন্য আগামী ১১ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। বিবদমান দেশ দু'টি নিজেদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর সুযোগ খুঁজছে। দুই দেশের মধ্যে সেনা পর্যায়ে এই আলোচনা কোরীয় সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুধবার এ তথ্য জানায়। সাম্প্রতিক সময়ের হামলাগুলোর ব্যাপারে এবং মন্ত্রীপর্যায়ে আলোচনায় তারা (উত্তর কোরিয়া) সত্যিই আগ্রহী কিনা এই আলোচনা তার একটি পরীক্ষা। চেওনান ডুবি ও গোলা হামলার ব্যাপারে আলোচনার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এ ব্যাপারে সম্মত হয়েছে বলে জানা গেছে। গত বছরের মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ 'চেওনান' টর্পেডোর আঘাতে ডুবে যায়। এতে প্রাণ হারায় ৪৬ জন নাবিক। দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন মহল ধারণা করে উত্তর কোরিয়াই জাহাজটিকে ডুবিয়ে দিয়েছে। এ ছাড়া গত নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়া গোলা হামলা চালায়। এতে বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। দক্ষিণ কোরিয়ার মিত্র যুক্তরাষ্ট্র এ ঘটনায় উত্তর কোরিয়াকে কয়েক দফা সতর্ক করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। উত্তরের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় পরিসরে যৌথ সামরিক মহড়াও চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৬ঘ.