২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরে বিক্ষোভ-প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা

বৈপ্লবিক অভ্যুত্থানের মুখে মিসর বুধবার যাবতীয় বিক্ষোভ, আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করেছে। বিক্ষোভ মিছিলে কেউ যোগ দিলেই পুলিশ তাদের পাকড়াও করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 03:42 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কায়রো, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বৈপ্লবিক অভ্যুত্থানের মুখে মিসর বুধবার যাবতীয় বিক্ষোভ, আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করেছে। বিক্ষোভ মিছিলে কেউ যোগ দিলেই পুলিশ তাদের পাকড়াও করবে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো ধরনের মিছিল, প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ বরদাস্ত করা হবে না। মিছিলে বা বিক্ষোভে কেউ যোগ দিলে তাকে গ্রেপ্তার করে বিচার করা হবে। প্রেসিডেন্ট হোসনি মুবারকের ৩০ বছরের শাসনাবসানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভে ৪র্থ আরেকজনের মৃত্যুর পর সরকার বিক্ষোভকারীদের এ হুঁশিয়ারি দিলো। মিসরের পূর্বে সুয়েজ এলাকায় আহত একব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে বিক্ষোভ-সহিংসতার কারণে ৪ জন নিহত হলো। এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়। তাদের একজন পুলিশ ও বাকি দু'জন বিক্ষোভকারী। সোশ্যাল নেটওয়ার্কে (সামাজিক যোগযোগ মাধ্যম) প্রচারের মাধ্যমে জড়ো হওয়া হাজার হাজার কায়রোবাসী মঙ্গলবার বিক্ষোভে নামে। বুধবার সকালে ২য় দিনের মতো রাস্তায় নামে বিক্ষোভকারীরা। কায়রোর কেন্দ্রীয় তাহরির চত্বরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ। তাছাড়া কায়রোর আদালত প্রাঙ্গনে এবং শিল্পনগরী মহল্লা-আল কুবরায় বিক্ষোভকারীদের সমবেত হওয়ার চেষ্টাও বানচাল করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সাল থেকে মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা ধরে রাখা হোসনি মুবারককে উৎখাতে ফেইসবুকে একটি পৃষ্ঠা খোলা হয়। বিক্ষোভে অংশ নেওয়া কথা ওই ফেইসবুক পৃষ্ঠায় নিশ্চিত করে হাজার হাজার মানুষ। কায়রোর সংসদ ভবন, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করছে পুলিশ। মিশরের আলেক্সান্দ্রিয়া ও ইসমাইলিয়ায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে। অত্যাচার, দারিদ্র্য, দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ- ফেইসবুক পৃষ্ঠায় এই আহ্বান জানিয়ে মিশরবাসীদের বিক্ষোভে যোগ দিতে উদ্বুদ্ধ করে এর আয়োজকরা। বার্তাসংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানায়, তাহরির স্কয়ারে বিক্ষোভকারীরা পুলিশের একটি জল কামানেও হামলা চালিয়েছে। এক বিক্ষোভকারী বলেন, "আজকে আমি মরতে এসেছি। কিছুতেই ভয় নেই আমার।" বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভরতরা "তিউনিসিয়াই সমাধান" লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলো। জনবিক্ষোভের মুখে গত ১৫ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিনে আবিদিন আল বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান। রয়টার্স জানায়, বিক্ষোভ মিছিল থেকে বলা হচ্ছিলো, প্রেসিডেন্ট হোসনি মুবারকের ছেলে গামাল যেন তার বাবাকে জানিয়ে দেন যে মিশরবাসী তাকে ঘৃণা করে। কোনো কোনো বিশ্লেষক ধারণা করেন, মুবারকের পর মিসরের প্রেসিডেন্ট করা হবে গামালকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/সিআর/এলকিউ/০৯৪০ ঘ.