মস্কো, জানুয়ারি, ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মস্কো বিমানবন্দরে আত্মঘাতী হামলার ঘটনায় দায়ীদের উচিত শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদমিরি পুতিন।
মস্কোয় মঙ্গলবার মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বোমা হামলার ঘটনাটিকে কাণ্ডজ্ঞানহীনতা এবং বর্বরতা দুদিক থেকেই ভয়ঙ্কর অপরাধ বলে মন্তব্য করেছেন পুতিন।
মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে সোমবার এ হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ১শ'র বেশি মানুষ আহত হয়।
পুতিন বলেন, "এই অপরাধের একটা হেস্তনেস্ত করা হবে এবং অপরাধীরা নিঃসন্দেহে উচিত শাস্তি পাবে।"
"এখন হতাহতদের পরিবারের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়ানোই সরকারের কাজ।"
ওদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইতোমধ্যেই হামলার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি দায়ীদের খুঁজে বের করতে বলেছেন।
বোমা হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে নিরাপত্তা কর্মকর্তাদের বরখাস্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগের প্রধানদের উদ্দেশে মেদভেদেভ বলেন, "এ অপরাধ যারা করেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে যথাসম্ভব সবকিছু করতে হবে। গুঁড়িয়ে দিতে হবে তাদের আস্তানাও।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৫ ঘ.
bdnews24