ইসলামাবাদ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে গত বছরটি ছিলো মানবাধিকারের দিক থেকে বিপর্যয়কর। জঙ্গি হামলায় শ শ মানুষ নিহত হওয়া ছাড়াও পরিকল্পিত হত্যাকাণ্ড ও সংখ্যালঘু নিপীড়নের নানা ঘটনায় পরিপূর্ণ ছিলো বছরটি।
পাকিস্তানে গত বছর তালেবান সহিংসতা এবং ধর্মীয় উগ্রবাদ বেড়েছে। কিন্তু সরকার পরিস্থিতি উন্নয়নে সর্বাত্মকভাবে সচেষ্ট না হওয়ায় পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডব্লিউ) সোমবার একথা জানিয়েছে।
২০১১ সালের ওয়ার্ল্ড রিপোর্টে এইচআরডব্লিউ বলেছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নে প্রছন্ন সমর্থন থেকে জঙ্গি সহিংসতা বেড়েছে। এর পেছনে গোয়েন্দা সংস্থাগুলো থেকেও সক্রিয় সহায়তা আছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
"তালেবান সহিংসতা শূন্যের মধ্যে ঘটছে না। এর পেছনে গোয়েন্দা বিভাগ এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর গোপন সমর্থন আছে", বলেন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলি দয়ান হাসান।
রিপোর্টে বলা হয়েছে, গত বছর জঙ্গি হামলায় নিহত হয়েছে শ শ মানুষ, খুন হয়েছে ১১ সাংবাদিক, পরিকল্পিত হত্যার ঘটনায় করাচি ছিলো সন্ত্রস্ত, সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হয়েছে।
বিভিন্ন হামলায় নিহত হয়েছে অন্তত ৮০ আহমাদি। ব্ল্যাসফেমি আইনের বিরুদ্ধে কথা বলায় দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন পাঞ্জাবের গভর্নর সালমান তাসির।
ওই আইন পরিবর্তনের পক্ষে কথা বলা শেরি রেহমানও প্রাণনাশের হুমকির কারণে কার্যত ঘরবন্দি।
তালেবান সহিংসতা ছড়িয়ে পড়েছে দেশের প্রধান প্রধান শহরগুলোতে। আর তা সামাল দিতে গিয়ে সেনাবাহিনী যে লড়ইয়ে নেমেছে তাতেও মৌলিক মানবাধিকার ক্ষুন্ন হয়েছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলোকে এইচআরডব্লিউ 'যুদ্ধপরাধ' বলেই গণ্য করে ।
তালেবান জঙ্গি সন্দেহে পাকড়াও করা অনেককেই গত বছর অবৈধভাবে এবং গোপনে সামরিক হেফাজতে রাখা হয়। তাছাড়া, পাক সেনাবাহিনীর কয়েকটি ইউনিটে বন্দিদের দ্রুত বিচারে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও ঘটেছে।
মানবাধিকারের অপব্যবহারের এ সমস্ত ঘটনার তদন্ত দাবি করে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান (এইচআরসিপি) এর চেয়ারম্যান মেহদি হাসান বলেন, "যুদ্ধ পরিস্থিতিতেও মানবাধিকারের এমন লঙ্ঘন মেনে নেওয়া যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৬ ঘ.
bdnews24