মস্কো, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মস্কো বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার জন্য মঙ্গলবার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন।
নিরাপত্তায় ফাঁক থাকার কারণেই আত্মঘাতী হামলাকারী হামলা চালানোর সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির জন্য তিনি দায়ী কর্মকর্তাদের অপসারণ চান এবং হামলায় জড়িতদের বিচার করাসহ তাদের সংগঠন ধ্বংস করে দেওয়ার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেন মেদভেদেভ।
মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত ও একশ' ৩০ জনের বেশি আহত হয়।
বিমানবন্দরের আন্তর্জাতিক অবতরণকেন্দ্রে বোমাটি বিস্ফোরণ ঘটে। হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উত্তর ককেশাস অঞ্চল চেচনিয়ার জঙ্গিদের হাত থাকার আলামত পাওয়া যাচ্ছে।
মেদভেদেভ মঙ্গলবার বলেছেন, "দোমোদেদোভো বিমানবন্দরে বোমা হামলাটি ছিলো একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। বহু সংখ্যক মানুষের মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে আগে থেকেই এ হামলার পরিকল্পনা করা হয়েছিলো।"
তিনি বলেন, "যা ঘটেছে তাতে নিরাপত্তায় শিথিলতা সুষ্পষ্ট। হামলাকারী নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে বিমানবন্দরে বিস্ফোরক নিয়ে ঢুকতে সক্ষম হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৬ ঘ.
bdnews24