২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচর বৃত্তির অভিযোগে মার্কিন প্রকৌশলীর কারাদণ্ড

চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক মার্কিন প্রকৌশলীকে ৩২ বছরের কারাদণ্ড দিয়েছে হাওয়াই-এর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 08:28 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক মার্কিন প্রকৌশলীকে ৩২ বছরের কারাদণ্ড দিয়েছে হাওয়াই-এর একটি আদালত। ভারতীয় বংশোদ্ভূত ৬৬ বছর বয়সী নশির গোয়াদিয়া চীনের কাছে সেনা বাহিনীর গোপন তথ্য বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত হন বলে বিবিসি জানিয়েছে। গোয়াদিয়া বি-২ বোমারু বিমানের কার্যক্ষমতা বাড়ানোর নকশা তৈরিতে কাজ করেছেন। তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত গত অগাস্টেই নিশ্চিত হয়, ওই গুপ্তচরের পাচার করা তথ্যই চীনকে গোপনে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করেছে। গোয়াদিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশাবাদী ছিলেন কৌঁসুলিরা। তবে ৩২ বছরের কারাদণ্ডকেও তারা সন্তোষজনক বলে মন্তব্য করেছেন। চীনে ২০০৩-২০০৫ সালের মধ্যেই ওই ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছিল। ওই সময়েই গোয়াদিয়া চীন ভ্রমণ করেন। আদালতে গোয়াদিয়া স্বীকার করেন, ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে তিনি তথ্য পাচার করেছেন। এই অর্থ দিয়ে তিনি মাউয়িতে তার বিলাসবহুল বাড়ি বন্ধকমুক্ত করেন। তিনি দাবি করেন, যে তথ্য দেওয়া হয়েছে তা মোটেও গোপন কিছু নয় বরং সহজেই পাওয়া সম্ভব। কিন্তু বিচারকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তিনি অঙ্গীকার ভঙ্গ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২০ঘ.