তিরানা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলবেনিয়ার রাজধানী তিরানায় শুক্রবার সরকার বিরোধী বিক্ষোভে তিন বিক্ষোভকারী নিহতের ঘটনা নিয়ে একে অপরকে দোষারোপ করছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী ও বিরোধীদল।
দেশটিতে ক্রমাগত রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মুখে সরকার ও বিরোধীদল উভয়ই নতুন বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।
ইউরোপের অন্যতম দরিদ্র দেশ আলবেনিয়া ন্যাটোর সদস্য। কিন্তু গত বছর ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য দেশটি আবেদন করে প্রত্যাখাত হয়।
ইউরোপীয় ইউনিয়ন আলবেনিয়াকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চাপ দেয়।
২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সালি বেরিশা পুননির্বাচিত হয়ে পরবর্তী চার বছর আলবেনিয়া শাসন করার সুযোগ পান।
কিন্তু দেশটির বিরোধীদলীয় সমাজতন্ত্রীরা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ক্ষমতাসীন সরকারকে দুর্নীতি ও নির্বাচনে প্রতারণা করার জন্য অভিযুক্ত করে।
গত শুক্রবার বিরোধী সমাজতন্ত্রীরা রাজধানীর তিরানার কেন্দ্রস্থলে সরকার বিরোধী এক বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা প্রধানমন্ত্রী বেরিশার অফিস লক্ষ্য করে লাঠি ও পাথর নিক্ষেপ করতে থাকলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রবার বুলেট, জলকামান, স্টান গ্রেনেড এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
সংঘর্ষে তিনজন সাধারণ মানুষ নিহত হয়। এদের একজন মাথায় গুলিবিদ্ধ হয়ে ও অপর দু'জন সরাসরি বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এই সংঘর্ষ ছিল ১৯৯৮ সালের পর সবচেয়ে রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষ।
নিহতদের স্মরণে শনিবার প্রথম শোক মিছিল বের হয়। এখানে সামাজতান্ত্রিক দলের নেতা রাজধানী তিরানার মেয়র ইদি রামা হত্যাকান্ডের জন্য বেরিশা সরকারকে দায়ী করেন।
এসময় তিনি আরো বিক্ষোভ পরিকল্পনা ঘোষণা করে বেরিশা সরকারক শাসিত আলবেনিয়াকে "অসহ্য চোরের রাজ্য" উল্লেখ করে এ থেকে দেশকে উদ্ধারের সংকল্প প্রকাশ করেন।
অপরদিকে, প্রধানমন্ত্রী বেরিশা অভিযোগ করেন বিরোধী নেতা রামা তিউনিসিয়ার মত গণঅভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। তিনি শুক্রবারে নিহতদের জন্য রামা ও তার মিত্রদের দায়ী করেন।
প্রধানমন্ত্রী বারিশা বুধবার সকলদলীয় এক সহিংসতা বিরোধী সমাবেশে করার ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৭ ঘ.
bdnews24