২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়া; ক্ষমতা ছাড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে বিক্ষোভের মুখে আগামী নির্বাচনের পর ক্ষমতা ছাড়ার অঙ্গীকার করেছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

তিউনিস, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে বিক্ষোভের মুখে আগামী নির্বাচনের পর ক্ষমতা ছাড়ার অঙ্গীকার করেছেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি বলেন, "অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে আমি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শেষ করার অঙ্গীকার করছি।" সরকার থেকে সরে যাওয়ার দাবিতে তার কার্যালয়ের সামনে বিক্ষোভের একদিনের মাথায় এ ঘোষণা দিলেন গানুচি। সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেন তিনি। ১৫ জানুয়ারি অন্তবর্তী সরকার গঠনের সময় ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানায় দেশটির সাংবিধানিক পরিষদ। তবে বিবিসি'র এক খবরে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি দিয়েছে অন্তবর্তী সরকার। বেন আলির সরকারের মন্ত্রী ও তার দল আরসিডি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে তিউনিসিয়ায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। বেন আলির সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ গানুচি। বেকারত্ব, দুর্নীতি ও দারিদ্রের কারণে শুরু হওয়া গণআন্দোলনের মুখে ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট বেন আলি পালিয়ে সৌদি আরব যান। বেন আলির পালানোর পর নবগঠিত অন্তবর্তী সরকারেরও প্রধানমন্ত্রীর দায়িত্ব্ নেন গানুচি। এর আগে আরসিডি'র দলীয় পদ থেকে পদত্যাগ করেন তিনি। তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্ততপক্ষে ৭৮ জন নিহত হয়েছে। তবে নিহতদের এ সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের স্মরণে শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে তিউনিসিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮২৮ ঘ.