২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেলেন সু চি

টানা সাত বছরের গৃহবন্দি দশা থেকে মুক্তি পাওয়ার দুই মাসের মাথায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা সাত বছরের গৃহবন্দি দশা থেকে মুক্তি পাওয়ার দুই মাসের মাথায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান শুক্রবার সু চি'র রেঙ্গুনের বাসভবনে ইন্টারনেট সংযোগ দেয়। গত নভেম্বর মুক্তি পাওয়ার পরপরই বাসভবনে ইন্টারনেট সংযোগের জন্য একটি বেসরকারি কোম্পানির কাছে আবেদন করেন সু চি। কিন্তু আবেদনটি বিবেচনার জন্য সামরিক কর্তৃপক্ষের কাছে যায়। সু চি'র নিরাপত্তা প্রধান উইন হেইন বলেন, নিজের বাসায় বসে অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে নেত্রী আনন্দিত। নিজের রাজনৈতিক সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করতেও আগ্রহী তিনি। ১৯৬২ সাল থেকে সামরিক শাসনের কবলে থাকা মিয়ানমারে কেউ নিজের বাসায় ইন্টারনেট সংযোগ নিতে চাইলে তাকে অনুমতির প্রয়োজন হয়। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও তাই হাতে গোনা। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে মিয়ানমারে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো মাত্র ৪৫৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২৩৩৭ ঘ.