ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলদস্যুবৃত্তি বেআইনি ঘোষণার একটি প্রস্তাব আটকে দিয়েছে সোমালিয়ার পার্লামেন্ট সদস্যরা।
বিবিসি'র এক খবরে বলা হয়েছে, জলদস্যুবৃত্তিকে বেআইনি ঘোষণা করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রেখে বৃহস্পতিবার পার্লামেন্টে তোলা হলে অধিকাংশ এমপি তা প্রত্যাখ্যান করেন।
কয়েকজন এমপি জলদস্যুদের 'জাতীয় বীর' অভিহিত করে বলেন, সোমলিয়ার জলসীমায় বিদেশি নৌযান ঢুকতে না দিয়ে তারা বেসরকারি উপকূলরক্ষীর দায়িত্ব পালন করছে।
পার্লামেন্টের বিচার বিষয়ক কমিটি এমপিদের সুপারিশ অনুযায়ী জলদস্যুবৃত্তি বন্ধের একটি নতুন বিলের খসড়া প্রণয়ন করছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রোববার এই নতুন খসড়া পার্লামেন্টে তোলা হবে।
এমপিদের প্রত্যাখ্যাত বিলে বলা হয়েছিলো, কোনো ব্যক্তির বিরুদ্ধে জলদস্যুতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে ৫০ হাজার থেকে ৫ লাখ ডলার অর্থদণ্ড এবং ৫ থেকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া যাবে।
পার্লামেন্টের বিচার বিষয়ক কমিটির সদস্য এমপি আব্দুল রশিদ জানান, নতুন খসড়ায় আন্তর্জাতিক সমুদ্র আইনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হবে।
বিবিসি লিখেছে, গত দুই দশকে গৃহযুদ্ধ ও রাষ্ট্রক্ষমতায় অস্থিরতার কারণে সোমালিয়ায় জলদস্যুতা ব্যাপক হারে বেড়ে যায়।
ফলে ভারত মহাসাগরের কয়েক হাজার মাইল জুড়ে তাদের অবাধ বিচরণ এবং ওই সব এলাকা দিয়ে চলাচলকারী জাহাজ আটক করে বড় অঙ্কের মুক্তিপণ আদায় নিয়মিত ঘটনা হয়ে পড়ে।
আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো জানায়, ২০১০ সালে রেকর্ড এক হাজার ১৮১ জন নাবিককে জিম্মি করেছে সোমালি জলদস্যুরা।
অন্য এক গবেষণায় বলা হয়েছে, জলদস্যুদের কারণে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ৭০০ কোটি থেকে ১২ শ' কোটি ডলার ক্ষতি হচ্ছে।
গত ৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি ও এর ২৬ নাবিককে আটক করে সোমালি জলদস্যুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০০১ ঘ.
bdnews24