২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বিক্ষোভ-সহিংসতায় উত্তাল তিউনিসিয়া

পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলির সরকারের মন্ত্রী ও তার দল আরসিডি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে আবারো বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

তিউনিস, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পলাতক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলির সরকারের মন্ত্রী ও তার দল আরসিডি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে আবারো বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া। রাজধানী তিউনিসে আরসিডি'র সদর দপ্তরের বাইরে সমবেত কয়েক শ' বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুড়লেও অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। এ দাবিতে দেশটির অন্য বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। আরসিডি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে অন্তবর্তী সরকারের বিরোধীদলীয় চার মন্ত্রীর পদত্যাগের পাশাপাশি জনগণের বিক্ষোভের মুখে দলীয় পদ থেকে বৃহস্পতিবার সরে দাঁড়িয়েছেন অন্তবর্তী সরকারের চার মন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি ও প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজা আরসিডি'র দলীয় পদ থেকে সরে দাঁড়ান। অন্তবর্তী সরকারের গ্রহণযোগ্যতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে আরসিডি থেকে মন্ত্রীরা পদত্যাগ করেন। কিন্তু তাতে কমেনি জনরোষ। 'সরকার থেকে বের হও', লেখা ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, "বেন আলি ও তার স্ত্রীর পর এবার তার চোরদের তাড়াতে চাই আমরা।"বেন আলির দলের লোগো পোড়ায় তারা। আইমেন নামের এক বিক্ষোভকারী বলেন, "আরসিডি উৎখাত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আমরা প্রতি ঘণ্টায় এবং প্রতিদিন এখানে আসবো।" তিউনিসের ৩ শ' ৫০ কিলোমিটার দক্ষিণের গাফসা শহরে ৩ থেকে ৪ হাজার মানুষ সরকার থেকে বেন আলির মন্ত্রীদের বের করার দাবিতে বিক্ষোভ করেছে বলে ট্রেড ইউনিয়নকর্মী হেদি রাদাউ রয়টার্সকে জানিয়েছেন। একই দাবিতে তিউনিসের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর কেফ ও সাক্স-এ বিক্ষোভ হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। চলমান বিক্ষোভ সহিংসতার ক্ষেত্রে রাজধানীর বাইরে বিক্ষোভের ঘটনা এটাই প্রথম। সাবেক প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের সম্পত্তি জব্দ করার অভিযানের অংশ হিসেবে বেন আলির জামাতার মালিকানাধীন একটি ব্যাংক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বুধবার দেশত্যাগের চেষ্টাকালে বেন আলির গোত্রের ৩৩ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। সুইজারল্যান্ডে থাকা বেন আলির পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করেছে সুইস কর্তৃপক্ষ। বেকারত্ব, দুর্নীতি ও দারিদ্রের কারণে সরকার বিরোধী কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব পালিয়ে যান বেন আলি। ডিসেম্বরের মাঝামাঝি সিদি বৌজিদ শহরে উচ্চশিক্ষিত এক বেকার যুবক আত্মহত্যার উদ্দেশ্যে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর তিউনিসিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সব্জি বিক্রিতে পুলিশ বাধা দিলে গায়ে আগুন দেন ওই যুবক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১১৪ ঘ.