২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উইকিলিকসের তথ্য ফাঁসে যুক্তরাষ্ট্রের ক্ষতি সামান্যই'

মার্কিন কূটনৈতিক লাখ লাখ গোপন তথ্য উইকিলিকস ফাঁস করে দেওয়ায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি সামান্যই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা। সরকারের অভ্যন্তরীণ পর্যালোচনায় এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন কূটনৈতিক লাখ লাখ গোপন তথ্য উইকিলিকস ফাঁস করে দেওয়ায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি সামান্যই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা। সরকারের অভ্যন্তরীণ পর্যালোচনায় এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রের 'ক্ষতি' সম্পর্কে ওবামা সরকারের বিবৃতিতে বিপরীত কথা বলা হয়েছে বলে বুধবার রয়টার্স জানিয়েছে। অভ্যন্তরীণ এই পর্যালোচনা সম্পর্কে মার্কিন কংগ্রেসের এক কর্মকর্তা আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলতে বাধ্য হচ্ছে, তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে ভীষণ ক্ষতিগ্রস্ত করেছে এবং উইকিলিকস ওয়েবসাইট বন্ধ করতে ও এর সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে কংগ্রেসকে জানান, তথ্য ফাঁসের কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এবং যেটুকু হয়েছে তা সামাল দেওয়া সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আমরা জানিয়েছি, উইকিলিকসের তথ্য ফাঁস আমাদের জন্য বিব্রতকর হলেও তেমন ক্ষতিকর ছিল না।" গত বছর উইকিলিকস যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ লাখ ৫০ হাজার গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেয়। ফাঁস হওয়া তথ্যের মধ্যে বেশকিছু তথ্য সংবাদমাধ্যমগুলোতে আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়। এরমধ্যে যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে সৌদি আরবের অনুরোধসহ বেশকিছু তথ্য ছিল যা অনেক রাষ্ট্রের জন্য বিব্রতকর। যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র পি জে ক্রাউলি রয়টার্সকে বলেন, "আমাদের অবস্থান থেকে বলা যায়, ব্যাপক ক্ষতি হয়েছে।" প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলো পরিচালিত ক্ষতি পর্যালোচনা কমিটির সাথে যুক্ত জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানান, পর্যালোচনায় ক্ষতির কিছু আলামত পাওয়া গেছে যা সাময়িক। তবে কৌশলগতভাবে ক্ষতিকর কিন্তু দীর্ঘ মেয়াদে ক্ষতিকর তেমন কিছু পাওয়া যায়নি বলে জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.