২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে মৃতের সংখ্যা ৭শ' ছাড়িয়েছে

ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা ৭শ' ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

রিও ডি জেনেরিও, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা ৭শ' ছাড়িয়ে গেছে। মঙ্গলবার কর্মকর্তারা এ তথ্য জানান। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের অনেক অধিবাসী এখনো নিখোঁজ রয়েছে। তারা মাটির নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক অঞ্চলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে ভূমিধসের ঝুঁকি উপেক্ষা করে লুট হওয়ার আশঙ্কায় ঘর-বাড়ি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে শত শত মানুষ। উদ্ধারকারীরা মাটির নিচ থেকে তুলে আনছে লাশ, আর প্রতিদিন এভাবে মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে। এ দুর্যোগে ঠিক কত জন নিখোঁজ হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারছে না কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, নিখোঁজের সংখ্যা শতাধিক। বৃষ্টির কারণে উপদ্রুত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে বলেও জানা গেছে। এরআগে দুর্গত অঞ্চলে রোগ-ব্যাধি ছড়িয়ে মহামারির আকার ধারণ করতে পারে বলে দেশটির প্রতিরক্ষা সংস্থা থেকে সতর্ক করা হয়। আগাম সতর্কতা হিসেবে টিটেনাস এবং ডিপথেরিয়ার টিকাও বিতরণ করা হয়। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ এ প্রাকৃতি দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে ডিলমা রৌসেফকে। দুর্গতদের সাহায্যার্থে প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ ইতোমধ্যে ৪৬ কোটি মার্কিন ডলার জরুরি সহায়তার ঘোষণা দেন। ব্রাজিলে ১৯৬৭ সালে বন্যায় ৭৮৫ জনের প্রাণহানির পর এবারের প্রাকৃতিক দুর্যোগেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.