ইসলামাবাদ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান ও আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে বুধবার ভোরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বেলুচিস্তান প্রদেশের দালবানদিন শহরের কাছে ভূগর্ভের ৫২ মাইল গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়।
তবে মরু অঞ্চল হওয়ায় সেখানে তুলনামূলকভাবে কম মানুষের বসবাস। এ কারণে ক্ষয়-ক্ষতিও কম হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
ইউএসজিএস আরো জানিয়েছে, ভূমিকম্পটি দালবানদিন শহরের ৩৪ মাইল দক্ষিণে আঘাত হানে। এ শহরে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস।
এখনো পর্যন্ত এতে কারো নিহত হওয়ার খবর জানা যায়নি। তবে দালবানদিনে ঘর-বাড়ির চাল ভেঙ্গে পড়লে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে বলে রয়টার্সকে জানান প্রাদেশিক পরিবহনমন্ত্রী আমানুল্লাহ নোতিজাই।
এতে বিশাল কোনো ক্ষয়-ক্ষতির হবে না বলে নিশ্চিত করেন তিনি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৪ ঘ.
bdnews24