তিউনিস, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সঙ্কটে পড়েছে তিউনিসিয়ায় সদ্য গঠিত নতুন ঐক্য সরকার। নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ। অন্তর্বর্তী সরকার থেকে ইতোমধ্যেই সরে গেছে তিন মন্ত্রী। বিরোধীদলও সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
ক্ষমতা ছেড়ে বিদেশে পাড়ি জমানো প্রেসিডেন্ট বেন আলির দলের লোকজন নতুন সরকারে ঠাঁই পাওয়ায় ক্ষুব্ধ হয়ে জ্বলে উঠেছে আন্দোলনকারীরা। বিক্ষোভ দমন করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
নতুন সরকারে পুরোনো মুখের প্রতিবাদে মঙ্গলবার সরকার থেকে বেরিয়ে গেছে তিন মন্ত্রী। বিরোধীদল এত্তাজদিদ পার্টিও বলেছে, বেন আলির আরসিডি পার্টির মন্ত্রীদের ঐক্য সরকার থেকে বাদ দেওয়া না হলে তারা জোট ছেড়ে বেরিয়ে যাবে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একথা বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, সরকার থেকে বেরিয়ে যাওয়া তিন মন্ত্রী হচ্ছেন 'জেনারেল ইউনিয়ন অব তিউনিসিয়া ওয়ার্কার্স' (ইউজিটিটি) দলের। তিউনিসিয়ায় বিক্ষোভ এবং প্রেসিডেন্ট বেন আলিকে উৎখাতে মূখ্য ভূমিকা পালন করেছে এ দলটি।
বেন আলির সাবেক ক্ষমতাসীন আরসিডি পার্টির কয়েকজন মন্ত্রীকে নতুন সরকারে রাখায় প্রধানমন্ত্রী গানুশির বিরুদ্ধে নাখোশ হয়েছেন অনেকেই।
নতুন সরকার পছন্দ না হওয়ায় অনেক জায়গায়ই বিক্ষোভ চলছে। কয়েকটি নগরীতে ইতোমধ্যেই নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে।
রাজধানী তিউনিসের দক্ষিণে মোনাস্তির এলাকায় নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গাস ছুড়েছে পুলিশ।
বিক্ষোভকারীরা নতুন সরকারকে 'ন্যাক্কারজনক' আখ্যা দিয়েছে এবং দেশে বিক্ষোভ-আন্দেলন ও মানুষের রক্তক্ষয়ের অপমান বলে অভিহিত করেছে।
পুরোনো সরকারের লোকজনের উপস্থিতিকে অন্তর্বর্তী সরকারের সমস্যা হিসাবে চিহ্নিত করেছে বিক্ষোভকারীদের অনেকেই।
এ পরিস্থিতির মধ্যে সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিউনিসিয়া লেবার ইউনিয়ন ইফজিটিটি নেতা আবিদ আল ব্রিকি বলেছেন, "তাদের তিন মন্ত্রী সরকার থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ, এ সরকারে বেন আলির আরসিডি দলের সদস্যরা আছে।"
তিনি বলেন, "রাস্তায় জনগণের দাবির প্রতি সাড়া দিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।"
তিন মন্ত্রীর নাম হৌসিনে দিমাসি, আব্দেলজলিল বেদুই এবং আনোয়ার বেন গুয়েদ্দোর। তিনজনই সরকারের নিুপদস্থ মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছিলেন।
বিরোধীদল এত্তাজদিদ পার্টির নেতা আহমেদ ইব্রাহিমকে অন্তর্বর্তী সরকারে নিয়োগ দেওয়া হয়েছিলো উচ্চতর শিক্ষামন্ত্রী হিসাবে।
প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুশি বলছেন, আগের সরকারের যে মন্ত্রীদেরকে নতুন সরকারে রাখা হয়েছে তাদেরকে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন পড়বে। সেকারণেই সরকারে তাদেরকে ঠাঁই দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩৬ ঘ.
bdnews24