২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দাবিদাওয়া নিয়ে কাজ করে যাবে তিউনিসিয়া সরকার'

তিউনিসিয়ার নতুন ঐক্য সরকার অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক ও অন্যান্য ইস্যু নিয়ে দেশে যে বিক্ষোভ হয়েছে সে সমস্ত দাবিদাওয়া নিয়ে এ সরকার কাজ করে যাবে। তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

শার্ম আল শেখ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিউনিসিয়ার নতুন ঐক্য সরকার অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক ও অন্যান্য ইস্যু নিয়ে দেশে যে বিক্ষোভ হয়েছে সে সমস্ত দাবিদাওয়া নিয়ে এ সরকার কাজ করে যাবে। তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একথা বলেছেন। সরকার একইসঙ্গে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বলেও জানান তিনি। ক্ষমতাসীন দল ও বিরোধীদলীয় সদস্যদের মধ্যে আলোচনার পর মন্ত্রিসভায় পুনরায় নিয়োগ পাওয়া পররাষ্ট্রমন্ত্রী কামেল মোরজানে মিশরে এক বক্তব্যে একথা বলেন। তিউনিসিয়ার নতুন সরকারে বিরোধীদলীয় নেতারা থাকলেও উৎখাত হওয়া প্রেসিডেন্ট বেন আলি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা স্বপদে বহাল রয়েছেন। বেন আলির দলের লোক সরকারে থেকে যাওয়ায় সাধারণ জনগণ খুশি নয়। অনেকেই এখনো নতুন সরকারে পুরোনো মুখ নিয়ে ক্ষুব্ধ। নতুন সরকার পছন্দ না হওয়ায় অনেক জায়গায় বিক্ষোভ চলছে। সোমবার ঘোষিত ঐক্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়ছে পুলিশ। এ পরিস্থিতির মধ্যেই মোরজানে বলেন, "এ সরকার ঐক্য সরকার, অন্তর্বর্তী সরকার, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য পরিস্কার এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য এ সরকার ক্ষমতায় থাকবে; যে সময় বৈধভাবে এবং সব দলের সম্মতিতে নির্ধারণ করা হয়েছে--একথা আমাদের ভুলে গেলে চলবে না।" তিনি আরো বলেন, "সম্ভবত পরবর্তী সরকারে কোনো পুরোনো মুখ থাকবে না।" মিশরের শার্ম আল শেখ এ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশে অর্থনীতি ও দুর্নীতির মতো যে সমস্ত অভিযোগের কারণে বিক্ষোভ হয়েছে তা সমাধানে সরকার কাজ করে যাবে। মোরজানে বলেন, দেশকে এ অবস্থা থেকে বের করে আনা এবং সমস্যা সমাধানের জন্যই আমাদেরকে সব দলের সহযোগিতায় আবার মন্ত্রিসভায় নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, প্রথম কাজই হচ্ছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য কাজ করে যাওয়া। এতে অবশ্যই সময় লাগবে।" সরকার শুধু রাজনৈতিক বিভিন্ন দলই নয় বরং রাজনীতি ও সমাজের সব স্তরেই সবার সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানান মোরজানে। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কোনো দেশেই কোনো সরকারের ব্যাপারে জনগণের মধ্যে ১শ ভাগ সম্মতি থাকা সম্ভব না। এ মুহূর্তে আন্তরিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং প্রশাসনকে আবার সঠিক পথে পরিচালনা করাই এখন নতুন সরকারের লক্ষ্য বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৩ ঘ.