২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার নতুন সরকার গঠন সোমবার

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি জানিয়েছেন সোমবার দেশটিতে নতুন জাতীয় সরকার গঠন করা হবে। এক বিবৃতিতে রোববার তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 04:38 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

তিউনিস, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি জানিয়েছেন সোমবার দেশটিতে নতুন জাতীয় সরকার গঠন করা হবে। এক বিবৃতিতে রোববার তিনি এ ঘোষণা দেন। গানুচি বলেন, 'আগামীকাল (সোমবার) আমরা নতুন সরকার ঘোষণা করবো, যার মাধ্যমে তিউনিসিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে।' নতুন জাতীয় সরকারে বিরোধীদলীয় তিন নেতাও দায়িত্বপ্রাপ্ত হবেন। নতুন সরকার গঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দুই সমঝোতাকারী রয়টার্সকে এ তথ্য জানান। তবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় দুটিতে সাবেক সরকারের মন্ত্রীরাই দায়িত্ব পালন করবেন। এদিকে রোববার তিউনিসিয়ার বিশেষ বাহিনীর সঙ্গে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির অনুগত বাহিনীর কয়েক দফা বন্দুকযুদ্ধ হয়েছে বলে এক সেনাসূত্র জানিয়েছে। এর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি দেশ ছাড়ার পর দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তিউনিসিয়ায় নেতারা জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করেন। সরকারের পতনের পর দেশজুড়ে চলতে থাকা লুটপাট, অগ্নিসংযোগ, গুলিবর্ষণের মত অরাজকতা নিয়ন্ত্রণে আনার জন্য এ পরিকল্পনা করা হয়। শনিবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজা প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচিকে একটি জাতীয় সরকার গঠনের অনুরোধ জানান। তিউনিসিয়ার সাংবিধানিক কর্তৃপক্ষ জানিয়েছে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে প্রেসিডেন্ট নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার নিশ্চয়তা দাবি করেছে বিরোধী দলগুলো, তাতে তারা দলীয় প্রচারণার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এর মাধ্যমে দেশটি বৃহত্তর গণতন্ত্রের দিকে অগ্রসর হবে। নির্বাচনে ক্ষমতাসীন কনস্টিটিউশনাল ডেমক্রেটিক র‌্যালি (আরসিডি) পার্টি হেরে যাবে বলেই বিশ্লেষকদের ধারণা। এদিকে, গণবিক্ষোভের মুখে দীর্ঘ ২৩ বছরের প্রেসিডেন্ট বেন আলি সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ছড়িয়ে পড়া ব্যাপক লুটপাট নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী রাজধানী তিউনিসে ট্যাংক নিয়ে অবস্থান নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৭ ঘ.