২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দল ইরানে

জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর পরমাণু অস্ত্র পরিদর্শকদের একটি প্রতিনিধি দল শনিবার ইরানের একটি পরমাণু চুল্লি পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

তেহরান, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর পরমাণু অস্ত্র পরিদর্শকদের একটি প্রতিনিধি দল শনিবার ইরানের একটি পরমাণু চুল্লি পরিদর্শন করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। ইরানের আহ্বানে আইএইএ-তে নিয়োজিত মিশর, ভেনিজুয়েলা, সিরিয়া, আলজেরিয়া, ওমান ও কিউবার রাষ্ট্রদূতদের সমন্বয়ে সাত সদস্যের একটি পরিদর্শক দল ইরান সফর করছেন। সোমবার পর্যন্ত ইরানে অবস্থান করে দেশটির পরমাণু চুল্লিগুলো পরিদর্শন করবেন তারা। ইউরোপীয় ইউনিয়ন এ পরিদর্শন বর্জন করে ইরানের সঙ্গে বিরোধ নিস্পত্তির একটি ঐতিহাসিক সুযোগ নষ্ট করেছে বলে মন্তব্য করেছে তেহরান। ইউরোপীয় ইউনিয়ন পরমাণু কর্মসূচি পরিদর্শনে ইরানের আহ্বান নাকচ করায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির আইএইএ প্রতিনিধিদের এ সফরে আসার আমন্ত্রণ জানায়নি ইরান। বিতর্কিত পরমাণু কর্মসূচির বিষয়ে ইরানের স্বচ্ছতার পরিচয় পাওয়া যাওয়ার পরই এ পরিদর্শন হতে পারে বলে পশ্চিমা দেশগুলোর দাবির মুখে রাশিয়া এবং চীনও এ পরিদর্শক দলে তাদের প্রতিনিধি পাঠায়নি। ইরান পরমাণু কর্মসূচির আড়ালে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ পশ্চিমাদের। তবে সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি বলে দাবি করে আসছে ইরান। ২১ ও ২২ জানুয়ারি ইস্তানবুলে পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে আলোচনার কথা রয়েছে ইরানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২৩২৯ ঘ.