২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় ব্রাজিলে মৃতের সংখ্যা ৫৯১, বহু নিখোঁজ

ব্রাজিলের ইতিহাসে বিপর্যকর প্রাকৃতিক দূর্যোগে শনিবার পর্যন্ত ৫৯১ জনের মৃত্যু হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

তেরেসোপোলিস, ব্রাজিল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ব্রাজিলের ইতিহাসে বিপর্যকর প্রাকৃতিক দূর্যোগে শনিবার পর্যন্ত ৫৯১ জনের মৃত্যু হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। বন্যা ও ব্যাপক ভূমিধসে ক্ষতিগ্রস্ত তেরেসোপোলিস শহরের স্থানীয় অধিবাসীরা ও ব্রাজিলের সিভিল ডিফেন্স একথা জানিয়েছে। অতিবৃষ্টিতে হঠাৎ বন্যা ও ভূমিধসের কবল থেকে রক্ষা পাওয়া দিশেহারা শত শত মানুষ শনিবার নিখোঁজ আত্মীয়-স্বজনদের খোঁজে তেরেসোপোলিস শহরের মর্গের কাছে ভিড় করে। ভয়াবহ এ প্রাকৃতিক দূর্যোগের পর স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধার তৎপরতা আশানুরূপ না হওয়ায় হতাশ মানুষজনের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। মনোরম প্রাকৃতিক নিসর্গের এই শহরে বন্যা ও ভূমিধসের চারদিন পরও স্থানীয় কর্তৃপক্ষ সৃষ্ট ধ্বংসস্তুপ সামলাতে হিমশিম খাচ্ছে। জরুরি কার্যক্রম চালানো দলগুলো কিছু দূর্গম এলাকায় পৌঁছার চেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও হাত দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার কাজ চালাতে হচ্ছে, কারণ ভারী যন্ত্রপাতি নিয়ে সেসব এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। জলকাদার প্রবল ধারা সুনামির মত পাহাড়ের পাদদেশের গ্রামগুলো ভাসিয়ে নিয়ে গেছে। ঘরবাড়ি চূর্ণ করে ঘুমন্ত পরিবারগুলোকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। গরিব এই এলাকার কারো কারো লাশ বাড়ি থেকে কয়েক মাইল দূরে পাওয়া যায়। ক্রমে বাড়তে থাকা নিহতের সংখ্যা এর মধ্যে ৬শ' ছুই ছুই করছে। এখনও অনেক মানুষ তাদের নিহত আত্মীয়-স্বজনের খোঁজে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এদের কারও কারও ধারণা তাদের নিখোঁজ স্বজনরা হয়তো ধসে পড়া কাদাপানি ও পাথরের নীচে চাপা পড়ে আছে। ঠিক কতজন মানুষ নিখোঁজ সে সম্পর্কে কর্তৃপক্ষ সঠিক কিছু জানাতে পারেনি। তেরেসোপোলিসের কবরস্থানগুলো নিহত মানুষের লাশে বোঝাই। শহর কর্তৃপক্ষ এখনও শনাক্ত হয়নি এমন লাশগুলো দুটি তাপনিয়ন্ত্রিত মাছবাহী ভ্যানে রেখে দিয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো জানায়, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর মানুষজন নিহত স্বজনদের নিজেরাই মিটিচাপা দিচ্ছে। নিহতদের অর্ধেকের বেশী শিশু হতে পারে বলে শংকা প্রকাশ করেছে দাতব্য প্রতিষ্ঠান 'সেভ দ্যা চিলড্রেন'। নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ তিন দিনের এক রাষ্ট্রিয় শোক ঘোষণা করেছেন। গত বৃহস্পতিবার তিনি দূর্গত এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত পূর্নবাসন কার্যক্রম চালানোর নির্দেশ দেন। ব্রাজিলের ফেডারেল সরকার দেশব্যাপী দূর্গতদের জন্য ৪ কোটি ৬০ লক্ষ ডলারের জরুরী ত্রাণ কার্যক্রম গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৭ ঘ.