মিলান, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি এবার রুবি নামের ১৭ বছরের এক নাচনেওয়ালির সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হওয়ার অভিযোগের তদন্তের মুখে পড়েছেন।
মিলানের কৌসুলিরা শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, নাইটক্লাবের ওই নাচনেওয়ালির সঙ্গে অর্থের বিনিময়ে বারলুসকোনির শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বারলুসকোনি ও তার আইনজীবীকে ডাকা হয়েছে বলেও জানান তারা।
১৮ বছরের কম বয়সী কোনো পতিতার সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সংসর্গে লিপ্ত হওয়া ইতালিতে অপরাধ হিসেবে বিবেচিত হয়।
প্রধানমন্ত্রী বারলুসকোনিকে বিচারের মুখোমুখি করা যাবে বলে ইতালির সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরের দিনই তার বিরুদ্ধে যৌন অপরাধের তদন্তের খবর প্রকাশিত হয়েছে।
নাচনেওয়ালি হিসেবে রুবি নামের মরোক্কান ওই কিশোরীর আসল নাম কারিমা ই মাহরুগ।
চুরির অভিযোগ থেকে রুবিকে বাঁচাতে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের ডাকেন বারলুসকোনি। এভাবে ক্ষমতা অপব্যবহারের বিষয়টিও তদন্ত করা হচ্ছে তার বিরুদ্ধে।
তবে বারলুসকোনির বিরুদ্ধে এসব অভিযোগ 'হাস্যকর ও ভিত্তিহীন' বলে দাবি করেছেন তার আইনজীবীরা।
রুবির সৌজন্যে পুলিশ কর্মকর্তাদের ডাকা হয়েছিলো বলে এর আগে স্বীকার করেন বারলুসকোনি।
ওই নাচনেওয়ালি ইতালির পত্রিকাকে বলেছেন, গত বছর বারলুসকোনি আয়োজিত একটি পার্টিতে যোগ দেওয়ায় তাকে ৯ হাজার ৪ শ' ডলার দেওয়া হয়।
তবে বারলুসকোনির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা অস্বীকার করেছেন রুবি।
এমনিতেই কর ফাঁকি ও দুর্ণীতির অভিযোগের মুখে থাকা বারলুসকোনি এবার আরো বিপাকে পড়েছেন অপ্রাপ্ত বয়স্ক পতিতার সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে।
গত মাস থেকেই বারলুসকোনির বিরুদ্ধে এ তদন্ত শুরু হলেও শুক্রবার প্রথম তা প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/২২২৬ ঘ.
bdnews24