তেরেসোপোলিস, ব্রাজিল, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ওদিকে বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত অনেক এলাকায় পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে রাজধানী রিও ডি জেনেরিওর নিকটবর্তী পার্বত্য সেরানা অঞ্চলের শহরগুলোয়। ভূমিধসে সেখানকার অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আটকা পড়েছে হাজার হাজার বাসিন্দা।
কর্মকর্তারা জানিয়েছেন, সেরেনা অঞ্চলের তেরেসোপোলিস শহরে কমপক্ষে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নোবা ফ্রিবার্গো, পেত্রোপোলিস ও সুমিদোরোতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ২১৪, ৪০ ও ১৮।
বন্যায় বাস্তুচ্যুত অনেকে আশ্রয় নিয়েছেন তেরেসোপোলিস শহরের একটি জিনমেসিয়ামে। সেখানে আশ্রয় নেওয়া ৫৪ বছর বয়সী আলবার্টিনো লাজারো রয়টার্সকে বলেন, "এখানে যা ঘটেছে তা অকল্পনীয়। মনে হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ হয়েছে।"
সরকারি হিসাবে বৃহস্পতিবার রাতে জানানো হয়, বন্যায় এ পর্যন্ত ৪৯৫ জনের প্রাণহানি এবং সাড়ে ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তবে তখনো উদ্ধারকর্মীরা তেরেসোপোলিসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় পৌঁছাতে সক্ষম হননি। যেখানকার প্রায় দেড়শ' ঘর-বাড়ি ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় ভয়াবহ এ প্রাকৃতি দুর্যোগ মোকাবেল করতে হচ্ছে ডিলমা রৌসেফকে। বৃহস্পতিবার তিনি বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
ধারণা করা হচ্ছে, দক্ষিণপূর্বাঞ্চলের এ প্রাকৃতিক দুর্যোগে কোটি কোটি ডলারের ক্ষয়-ক্ষতি হবে।
ওদিকে দুর্যোগ মোকাবেলায় প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ ৪৬ কোটি মার্কিন ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন।
সরকারের আশঙ্কা, বন্যায় প্রাণ ও সম্পদ হানির পাশাপাশি বর্ষণ অব্যাহত থাকায় দক্ষিণপূর্বাঞ্চলে খাদ্যপণ্যের মূল্য আরো বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪১৪ ঘ.
bdnews24