বেইজিং, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে দুগ্ধজাত পণ্য তৈরিতে মেলামিন মেশানো গুঁড়োদুধ ব্যবহার করায় ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
২০০৮ সালে মেলামিন মেশানো দুধ পান করে চীনে অন্তত ছয় শিশুর মৃত্যু হয় এবং অসুস্থ হয় প্রায় ৩ লাখ শিশু।
গত জুলাইয়ে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু ও কিংহাই প্রদেশে গুঁড়ো দুধের নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি মেলামিন পাওয়া যায়।
রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা কমিশনের একটি বিবৃতির বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের ১৭ জন দোষী সাব্যস্ত হয়েছে। এর মধ্যে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৩৮ জন বিচারের মুখে রয়েছে এবং ওই সব ডেইরি ফার্ম থেকে কর্তৃপক্ষ ২ হাজার ১৩২ টন মেলামিন মেশানো গুঁড়ো দুধ উদ্ধার করেছে।
কমিশনের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, "মেলামিন মেশানো গুঁড়ো দুধ দিয়ে দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয়।"
প্ল্যাস্টিক, সার ও কংক্রিট উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপাদান মেলামিনের প্রভাবে কিডনিতে পাথর হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩৬ ঘ.
bdnews24