২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩৭৫

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রিও ডি জেনেরিওর নিকটবর্তী পার্বত্য শহর নোবা ফ্রিবার্গো, তেরেসোপোলিস ও পেত্রোপোলিসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ১৬৮, ১৫৮ ও ৩৬ জন। আর এ সপ্তাহের শুরুতে সাও পাওলো রাজ্যে প্রচণ্ড বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৫ জনে। বৃহস্পতিবার সকালেও ভারী বৃষ্টিপাত হয়। এতে ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। গ্লোবো মিডিয় র্আনাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রতিরক্ষা বিভাগ মৃতের সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি। তবে কেবল তেরেসোপোলিসেই কয়েকশ' লাশ পাওয়া যাবে আশঙ্কা করছেন কর্মকর্তারা। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে তেরেসোপোলিসে আরো ১৬ টি লাশ উদ্ধার করা হয়। তবে সবচেয়ে বেশি লাশ উদ্ধার হয়েছে ফ্রিবার্গোয়। সেখানে আরো ৪৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। দুর্যোগ মোকাবেলায় ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ ৪৬ কোটি মার্কিন ডলার জরুরি সহায়তার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। রিও'র উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে হেলিকপ্টারে করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। বন্যা পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে একজন গৃহকর্মী গ্লোবো নেটওয়ার্ক ওয়েবসাইটের মাধ্যমে জানান, "ধনী-গরীর সবার ঘরই ধ্বংস হয়েছে।" গ্লোবো টেলিভিশনকে ব্রাজিলের পরিবেশমন্ত্রী কার্লোস মিঙ্ক বলেন, "এখনো পর্যন্ত মৃতের যে খবর জানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে বলে আমার আশঙ্কা।" উপদ্রুত অঞ্চলে যাওয়ার আগে মিঙ্ক আরো বলেন, "অনেক মানুষ ঘুমের মধ্যেই মারা গেছে।" তেরেসোপোলিসের মেয়র জর্জ মারিও জানান, শুধু তেরেসোপোলিসেই ৫০ জন মানুষ নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারিও আরো বলেন, "সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধারকারী দল সবে পৌঁছাতে শুরু করেছে।" তিনি আরো যোগ করেন, ১ হাজার মানুষ গৃহহীন হয়েছে। "এটি এই শহরের ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ," মন্তব্য করেন মারিও। ওই এলাকায় টেলিফোর লাইন অকার্যকর হয়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শহরটির অধিবাসীর সংখ্যা এক লাখ ৮০ হাজার। ভূমিধসে শহরটির কয়েকশ বাড়িঘর চাপা পড়েছে। মঙ্গলবার ভারী বর্ষণে সাও পাওলো প্রদেশে ১৩ জন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/এলকিউ/১৭৫৫ ঘ.