তেহরান, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘোর শত্র" ইসরায়েলকে সাহায্য না করার ব্যাপারে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে ইরান।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একদল গুপ্তচরকে পাকড়াও করার দাবি করার পরদিন ইরান এ হুঁশিয়ারি দিলো।
ইরানের গোয়েন্দামন্ত্রী হায়দার মোসলেহি মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমাদের আঞ্চলিক যে সমস্ত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইহুদি রাষ্ট্রের সম্পর্ক আছে, তাদের জেনে রাখা উচিত যে, ওই রাষ্ট্রকে কোনোরকম সহায়তা করাটা ইরানের প্রতি হুমকি বলেই গণ্য হবে।"
ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর সম্পর্ক গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী তৎপরতার পট প্রস্তুত করবে বলে মন্তব্য করেন তিনি।
ইরান এর আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত একদল গুপ্তচরকে গ্রেপ্তার করেছে বলে জানায়।
২০১০ সালে এক ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার পিছনে ওই চরদের হাত রয়েছে বলে ইরান অভিযোগ করেছে।
গত বছর ১২ জানুয়ারি রিমোট চালিত বোমা হামলায় তেহরান বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপককে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান।
তবে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধান না হলে তেহরানে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেনি ইসরায়েল।
ওদিকে, ইরানও আক্রান্ত হলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে পাল্টা আঘাত হানার হুমকি দিয়ে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৪ ঘ.
bdnews24