ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন অভিযুক্ত দেহরক্ষী মালিক মুমতাজ হুসেইন কাদরি।
বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাওয়ালপিন্ডির এক আদালতে উপস্থিত হয়ে কাদরি বলেন, তিনি একাই তাসিরের ওপর হামলা চালিয়েছিলেন।
পাকিস্তানে প্রচলিত ব্ল্যাসফেমি আইন সংশোধনে সমর্থন দেওয়ায় তাসিরের ওপর ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তিতে জানান কাদরি।
মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে মারা যান তাসির।
গভর্নর তাসিরের অন্যান্য নিরাপত্তারক্ষী ওই হামলায় নীরব ভূমিকা পালন করে হত্যাকাণ্ডে সহায়তা করেছে কি না সে বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে।
অন্য রক্ষী থাকতে বিনা বাধায় কাদরি কিভাবে তাসিরকে গুলি করে-সে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
নভেম্বরে পাকিস্তানে হযরত মুহম্মদকে নিয়ে কটুক্তির অভিযোগে খ্রিস্টান ধর্মাবলম্বী আছিয়া বিবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর থেকে ব্ল্যাসফেমি আইন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
কারাগারে আছিয়ার সঙ্গে দেখা করেন তাসির। ব্ল্যাসফেমি আইন সংশোধনেও পার্লামেন্টে ছিলেন সোচ্চার। এসব কারণে তাসিরের ওপর ক্ষুব্ধ হয় দেশটির কট্টোরপন্থী ইসলাম ধর্মীয় নেতারা।
ওদিকে, ব্ল্যাসফেমি আইন বাতিলের জন্য সোমবার পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। তবে প্রস্তাবিত সংশোধনীর বিরুদ্ধে সোমবার সকালে করাচিতে বিক্ষোভ করেছে প্রায় ৫০ হাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24