নিউ ইয়র্ক, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবানিজ সীমান্তে সব ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি।
নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে রোববার ঘণ্টাব্যাপী বৈঠকে সাদ আল হারিরি এই আহ্বান জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক হারিরির প্রতিনিধি দলের এক সদস্য এ তথ্য জানান।
বৈঠকে হারিরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ ধারার পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন বলেও জানা গেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ ধারায় ইসরায়েল ও হিজবুল্লাহ মধ্যে ২০০৬ সালে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। সেই সঙ্গে ইসরায়েল এবং লেবানন সীমান্তে লিতানি নদী ও নীল রেখা বরাবর সব ধরনের অস্ত্রবাজিও নিষিদ্ধ করা হয়।
ওই ধারা অনুযায়ী লেবানিজ ভূ-খণ্ডে ইসরায়েলের সব ধরনের অনধিকার যুদ্ধ বন্ধের কথাও বলা হয়েছে।
যদিও জাতিসংঘ জানিয়েছে, লেবাননের আকাশসীমা নিয়মিত লঙ্ঘণ করে ইসরায়েল।
ওই সদস্য জানান, লেবাননের আকাশ, ভূ-খণ্ড এবং সমুদ্রের সীমা লঙ্ঘণে ইসরায়েলি তৎপরতা বন্ধে জাতিসংঘকে সর্বোচ্চ চাপ দেওয়ার জন্য অনুরোধ করেন হারিরি।
গ্যাস উত্তোলনের জন্য ভূমধ্য সাগরে খনন করার পরিকল্পনা করছে ইসরায়েল। কিন্তু এর মাধ্যমে যেন লেবাননের সীমায় থাকা গ্যাসের মজুদের দিকে তারা অগ্রসর না হয় তার নিশ্চয়তা চেয়ে জাতিসংঘের কাছে গত সপ্তায় চিঠি পাঠায় লেবানন।
কিন্তু বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসিরকি জানান, লেবাননের সমুদ্রসীমা ১৭০১ ধারার আওতায়ভুক্ত নয়।
এক বিবৃতিতে নেসিরকি নিশ্চিত করেন, 'আকাশসীমা লঙ্ঘণে ইসরায়েলি তৎপরতা বন্ধ করা প্রয়োজন' এ ব্যাপারে আলোচনা করেছেন বান কি মুন ও সাদ হারিরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৯ ঘ.
bdnews24