২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান জোট সরকারে আবার যোগ দিচ্ছে এমকিউএম

পাকিস্তানের ক্ষমতাসীন জোটে আবার যোগ দিচ্ছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। এতে করে পার্লমেন্টে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 03:14 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

করাচি, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের ক্ষমতাসীন জোটে আবার যোগ দিচ্ছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। এতে করে পার্লমেন্টে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে সরকার। এমকিউএম এর এক কর্মকর্তা শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। জোট সরকারের ২য় বৃহত্তম শরিক দল এমকিউএম গত ২ জানুয়ারি সরকার থেকে বেরিয়ে যায়। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার। দেখা দেয় রাজনৈতিক সঙ্কট। কিন্তু তাদেরকে আবার জোটে যোগ দিতে রাজি করিয়ে সরকারকে সঙ্কটের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। গিলানির সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে এমকিউএম এর শীর্ষ নেতা রাজা হারুন বলেন, "দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এমকিউএম আবারো সরকারি বেঞ্চে বসবে।" তবে তিনি এও বলেন, "এমকিউএম এখনই কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেবে না। কারণ, তার দল আরো কিছু ছাড় চায়।" গত মাসে এমকিউএম এর দুই মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে। করাচিতে প্রভাবশালী রাজনৈতিক দল এমকিউএম সরকার থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসাবে জ্বালানির দাম ৯ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য আরো কয়েকটি কারণের কথা উল্লেখ করেছে। বৃহস্পতিবার সরকার এমকিউএমকে আবার জোটে ফিরিয়ে আনতে জ্বালানির দাম বাড়ানো বন্ধ করেছে। ফলে এমকিউএম নমনীয় হয়ে ফের সরকারে যোগ দেবে বলে জানিয়েছে। করাচিতে এমকিউএম এর সঙ্গে বৈঠকে গিলানি জ্বালানির দাম ৩১ ডিসেম্বরে যা ছিলো সেই পর্যায়ে নামিয়ে আনা হবে বলে জানান। তাছাড়া, কর সংস্কারও খুব শিগগিরি করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও যুক্তরাষ্ট্র। আইএমএফ এর কাছ থেকে পাকিস্তান দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ১১ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। আইএমএফ চায় এর বিনিময়ে পাকিস্তান নতুন বিক্রয়কর বাস্তবায়নসহ আরো কিছু কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিক। কিন্তু এমকিউএম এর তীব্র বিরোধিতা করে আসছে। গিলানি শুক্রবার বলেছেন, রাজনৈতিক মতৈক্য না হওয়া পর্যন্ত তিনি এ ধরনের কোনো কর্মসূচিতে হাত দেবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোপর ডটকম/এলকিউ/১৯৩৯ ঘ.