লন্ডন, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনে বিমানে আল কায়েদার হামলা হতে পারে বলে এক চিঠিতে সতর্ক করে দিয়েছে সরকার। বিবিসি শুক্রবার একথা জানিয়েছে।
আল কায়েদা হামলার বড় ধরনের হুমকির কথা জানিয়ে বিমান পরিবহন খাতকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে এক নিরাপত্তা সূত্র।
খুব শিগগিরি কোনো হামলা হওয়ার লক্ষণ দেখা না গেলেও সন্দেহভাজন সন্ত্রাসীদের ওপর নজরদারির ভিত্তিতে নতুন করে হামলার সম্ভাবনা সম্পর্কে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, তারা পরিবহন বিভাগ থেকে বিমান পরিবহন খাতের ঠিকানায় পাঠানো একটি চিঠি হাতে পেয়েছে।
চিঠিটির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, "আল কায়েদা খুব সম্ভবত ব্রিটেনের একটি বিমানবন্দরে কিংবা বিমান পরিবহন খাতকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে আলামত পাওয়া গেছে।"
তবে হামলার পদ্ধতি সম্পর্কে স্পষ্ট কিছু জানা না যাওয়ায় এখনই নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলেও চিঠিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৭ ঘ.
bdnews24