২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ডিমে ডাইঅক্সিন, ৪৭০০ খামার বন্ধ

জার্মানিতে ডিমে বিষাক্ত রাসায়নিক ডাইঅক্সিন পাওয়ার পর আতঙ্কে ৪ হাজার ৭শ' মুরগির খামার বন্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জার্মানিতে ডিমে বিষাক্ত রাসায়নিক ডাইঅক্সিন পাওয়ার পর আতঙ্কে ৪ হাজার ৭শ' মুরগির খামার বন্ধ করা হয়েছে। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিমে ডাইঅক্সিনের মাত্রা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ না হলেও পূর্ব সতর্কতা হিসেবে খামারগুলো বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার জার্মানির কর্মকর্তারা একথা জানিয়েছেন। পশু খাদ্যে ডাইঅক্সিন রয়েছে যে সব খামারে সেগুলোর মধ্যে লোয়ার স্যাক্সনের শূকরের খামারই বেশি বলেও জানান কর্মকর্তারা। ওদিকে, প্রক্রিয়াজাত খাবার হিসেবে ডাইঅক্সিন দূষিত ডিম যুক্তরাজ্যের বাজারে ঢুকেছে বলে হুঁশিয়ার করেছে ইউরোপীয় ইউনিয়ন। প্রক্রিয়াজাতকরণের জন্য ডিমগুলো নেদারল্যান্ডসে পাঠানো হয় এবং সেখান থেকে প্রস্তুতকৃত পণ্য হিসেবে সেগুলো যুক্তরাজ্যে যায়। ডাইঅক্সিন দুষণের কারণে শূকরের মাংস ও মাংসজাত পণ্য এবং পোলট্রিজাত খাদ্যদ্রব্য জার্মানি থেকে আমদানি বন্ধ করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে ডিম ও মুরগির মাংসে ডাইঅক্সিন পাওয়া গেলে ১ হাজারের বেশি খামারের ডিম ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়। এ দূষণ সম্পর্কে জানা যায় ২৩ ডিসেম্বর। তবে এ সপ্তাহের শুরুর দিকে ৩ হাজার টন পশু খাদ্যে ডাইঅক্সিন দুষণ ঘটেছে বলে জার্মান কর্মকর্তারা জানালে বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে সংশ্লিষ্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪৭ ঘ.