নয়াদিল্লি, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টি ভোটার সমর্থন হারাচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে দলের জনপ্রিয়তা এতটাই কমে এসেছে যে কালই নির্বাচন ডাকা হলে কংগ্রেস ৪০ টিরও বেশি আসন হারাবে।
টেলিযোগাযোগ খাতে ৩৯ বিলিয়ন ডলারের অর্থ কেলেঙ্কারি, গত অক্টোবরের কমনওয়েলথ গেমস এ দুর্নীতির অভিযোগ এবং ২৫ বছরের পুরোনো বোফর্স কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক ভারতে ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে থাকা এ দলটির ওপর জনগণের আস্থায় চিড় ধরিয়েছে।
এসি নেইলসন এর জরিপে দেখা গেছে, এ অবস্থায় নির্বাচন হলে কংগ্রেস বর্তমানে পার্লামেন্টে তার ২০৬ টি আসনের মধ্যে প্রায় ৪০ টিই হারাবে। অন্যদিকে, বিরোধীদল ভারতীয় জনতা পার্টি জিতে নেবে ২০ টি নতুন আসন।
জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশই বলেছে, বিভিন্ন কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সুনাম ও ভবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এসি নেইলসন এবং ইন্ডিয়া টুডে ম্যাগাজিন 'দ্য মুড অব দ্য ন্যাশন' শীর্ষক এ জরিপ পরিচালনা করেছে। ৪ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ভারতের ১৯ টি রাজ্যের ১,২৩৪৯ জন ভোটারের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এ জরিপ চালানো হয়।
সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তের বিরোধীদলের দাবির মুখে নভেম্বর থেকে পার্লামেন্ট অচল হয়ে থাকায় সরকার অকার্যকর প্রমাণিত হয়েছে।
এ অবস্থায় অচলাবস্থার অবসান ঘটাতে সরকারের আগাম নির্বাচনের পথে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। জরিপে দেখা গেছে, দরিদ্র জনগণের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা তিন শতাংশ কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৮ ঘ.
bdnews24