জাতিসংঘ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতির কলেরা মহামারির উৎস সন্ধানে বৃহস্পতিবার চার সদস্যের তদন্ত দল ঘোষণা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
ল্যাতিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও ভারতের বিশেষজ্ঞদের নিয়ে করা হয়েছে এ তদন্ত দল।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এ কর্মরত মেক্সিকান নাগরিক আলেজান্দ্রো ক্রাভিওতোকে তদন্ত প্যানেলের প্রধান করা হয়েছে।
প্যানেলের অন্য তিন সদস্য হলেন, পেরুর পুষ্টি বিজ্ঞানী ক্লদিও লানাতা, যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েলে লান্তানে এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্ট্রিক ডিজিজেজ-এর বলকৃষ নায়ার।
হাইতিতে গত অক্টোবরে কলেরা সংক্রমণ শুরু হয়ে এ পর্যন্ত ৩ হাজার ৪শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কাছ থেকে কলেরার জীবাণু ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন হাইতির অনেক মানুষ।
নভেম্বরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর টহল গাড়িতে পাথর ছুড়ে ও কলেরা ছড়ানোর জন্য শান্তিরক্ষী বাহিনীর নেপালি সেনাদের দায়ী করে স্লোগান দিয়ে দেশটিতে বিক্ষোভ হয়।
তবে জাতিসংঘ বলেছে, নেপালি সেনাদের কাছ থেকে কলেরার জীবাণু ছড়ানোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং সব সেনার নমুনা পরীক্ষায় কলেরা উপস্থিতি নেগেটিভ এসেছে।
এরপর গত মাসে যুক্তরাষ্ট্রের এক দল গবেষক জানায়, হাইতিতে কলেরা সম্ভবত বাংলাদেশি সেনাদের মাধ্যমে ছড়িয়েছে।
কিন্তু বিষয়টির বৈজ্ঞানিক সুরাহার জন্য ১৭ ডিসেম্বর একটি নিরপেক্ষ তদন্ত দল গঠনের ঘোষণা দেন মুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫২৮ ঘ.
bdnews24