২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিকস: সামরিক খাতে চীনের বরাদ্দ ঘোষিত ব্যয়ের দ্বিগুন

সেনাশক্তি বাড়ানোসহ সামরিক খাতের ব্যয় গোপন করছে চীন। অস্ট্রেলিয়ার গোয়েন্দা কর্মকর্তারা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

সিডনি, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনাশক্তি বাড়ানোসহ সামরিক খাতের ব্যয় গোপন করছে চীন। অস্ট্রেলিয়ার গোয়েন্দা কর্মকর্তারা একথা বলেছেন। উইকিলিকসের ফাঁস করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গোপন নথিতে একথা বলা হয়েছে যা সিডনি হেরাল্ড মর্নিং সংবাদপত্রে শুক্রবার প্রকাশিত হয়েছে। বার্তায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার কৌশলগত মূল্যায়নে দেখা গেছে, ২০০৬ সালে সামরিক খাতে চীনের প্রকৃত ব্যয় ছিলো ৭ হাজার কোটি মার্কিন ডলার যা তাদের ঘোষিত ব্যয়ের দ্বিগুন। অস্ট্রেলিয়ার জাতীয় মূল্যায়ন দপ্তর, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, আত্মরক্ষার জন্য ও তাইওয়ানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে চীন সামরিক শক্তি বাড়াচ্ছিলো। ২০০৬ সালের ওই মূল্যায়নের বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ক্যানবেরা দূতাবাসকে জানান, "তাইওয়ান নিয়ে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করছে চীন। "আধুনিক সমরাস্ত্র সমৃদ্ধ সামরিক বাহিনী থাকায় ওই অঞ্চলের জন্য ইতোমধ্যেই হুমকি হয়ে উঠেছে চীন এবং এ অবস্থা চলতে থাকলে চীনের সামরিক বাহিনী দুর্ধর্ষ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।" বেইজিংয়ের এসব কর্মসূচি ইতোমধ্যেই এশিয়ায় ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলেছে এবং এ বিষয়টি যে কোনো মুহূর্তে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে বলেও জানান অস্ট্রেলিয়ান কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩২৬ ঘ.