২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর ব্যয় কমাচ্ছে যুক্তরাষ্ট্র, সৈন্যসংখ্যাও

নাইন-ইলেভেনের পর এই প্রথম প্রতিরক্ষা ব্যয় কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ খাতে ব্যয় আগামী পাঁচ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার কমিয়ে আনা হবে। সেইসঙ্গে সৈন্য সংখ্যাও কমছে ৪৭ হাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ওয়াশিংটন, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইন-ইলেভেনের পর এই প্রথম প্রতিরক্ষা ব্যয় কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ খাতে ব্যয় আগামী পাঁচ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার কমিয়ে আনা হবে। সেইসঙ্গে সৈন্য সংখ্যাও কমছে ৪৭ হাজার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার প্রতিরক্ষা খাতে ব্যয় কমানোর এ পরিকল্পনা প্রকাশ করেছেন। মূলত বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যেই ওবামা প্রশাসনের এ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে উপস্থাপিত গেটসের প্রস্তাব অনুযায়ী, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে প্রতিরক্ষা খাতে ব্যয় ৭ হাজার ৮০০ কোটি ডলার ব্যয় কমানো হবে। আগামী ৫ বছরে ওবামা প্রশাসন সরকারি ব্যয় ১০ হাজার কোটি ডলার কমানোর পরিকল্পনা করেছে। তার অংশ হিসেবেই প্রতিরক্ষা খাতে ব্যয় কমানোর এ পরিকল্পনা। প্রতিরক্ষা খাতের বাজেট নিয়ন্ত্রণ করে থাকে কংগ্রেস। আর প্রতিরক্ষা খাতে ব্যয় কমানোর প্রশাসনিক পদক্ষেপ সাধারণত আইনপ্রণেতারা সমর্থন করেন না। তবে মন্দা মোকাবেলার এ সময়ে গেটস বলেন, দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সেনাবাহিনীরও ভূমিকা রাখতে হবে। আগামী ১৪ ফেব্র"য়ারি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটের সঙ্গে পেন্টাগনেরও বার্ষিক অর্থ চাহিদার পরিমাণ কংগ্রেসে উপস্থাপন করতে হবে। ২০১১-১২ অর্থবছরের প্রতিরক্ষা খাতের জন্য ৫৫ হাজার ৪০০ কোটি ডলার চাইবে ওবামা প্রশাসন। এর মধ্যে বিদেশে অবস্থানরত সৈন্যদের ব্যয় অবশ্য ধরা হয়নি। প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিলো, তার চেয়ে এই অর্থ ১ হাজার ২০০ কোটি ডলার কম বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিবিসি জানিয়েছে, ১০০'রও বেশি জেনারেল ও পতাকাধারী কর্মকর্তার পদ বিলুপ্তি/অবসর প্রদান এবং জননিরাপত্তায় নিয়োজিত ২০০'র বেশি শীর্ষ কর্মকর্তার পদ বিলুপ্তির মধ্য দিয়ে ব্যয় সঙ্কোচনের লক্ষ্য পূরণে এগোনোর পরিকল্পনা করেছেন গেটস। নাইন-ইলেভেনের পর পেন্টাগনের সীমাহীন অর্থ ব্যয়ের সংস্কৃতির রাশ টেনে ধরতে চান বলে জানান গেটস। তবে কংগ্রেস প্রশাসনের এই পরিকল্পনায় সমর্থন দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এদিকে ব্যয় সঙ্কোচনের যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে তা ধারণার চেয়ে অনেক বেশি জানিয়ে প্রতিনিধি পরিষদে আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান হাওয়ার্ড ম্যাককোয়েন ইতোমধ্যে বলে দিয়েছেন, তিনি এতে সন্তুষ্ট নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১১৩১ঘ.