২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসির হত্যাকাণ্ড: দেহরক্ষীকে নিয়ে সংশয় ছিলো আগেই

পাকিস্তানে যে দেহরক্ষীর গুলিতে পাঞ্জাবের গভর্নর সালমান তাসির নিহত হয়েছেন সে এমন কাণ্ড ঘটাতে পারে বলে আগেই সংশয় ছিলো তার তত্ত্বাবধায়ক পুলিশ কর্মকর্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ইসলামাবাদ, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে যে দেহরক্ষীর গুলিতে পাঞ্জাবের গভর্নর সালমান তাসির নিহত হয়েছেন সে এমন কাণ্ড ঘটাতে পারে বলে আগেই সংশয় ছিলো তার তত্ত্বাবধায়ক পুলিশ কর্মকর্তার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন এক তদন্ত কর্মকর্তা। ঘাতক ওই দেহরক্ষীর নাম মালিক মুমতাজ হুসেইন কাদরি। তিনি ছিলেন কট্টর ধর্মীয় দৃষ্টিভঙ্গির মানুষ। কাদরিকে নিয়ে এ কারণেই সংশয়ে ছিলেন তারই তত্বাবধায়ক পুলিশ কর্মকর্তা নাসির দুররানি। কাদরিকে স্পর্শকাতর সমস্ত নিরাপত্তার দায়দায়িত্ব থেকে অপসারণ করার অনুরোধও জানিয়েছিলেন তিনি। কাদরি বলেছিলেন, পাকিস্তানের বিতর্কিত ব্ল্যাসফেমি আইনের বিরোধিতা করার কারণে পাঞ্জাবের গভর্নরের ওপর তিনি ক্ষিপ্ত । তাসির হত্যাকাণ্ড তদন্তকারী এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, কাদরি প্রকাশ্যে গন্ডগোল ঘটানোর কথাও বলেছিলেন। এরপর তার তত্ত্বাবধায়ক কর্মকর্তা ভিআইপি'র নিরাপত্তা রক্ষার দায়িত্ব থেকে কাদরির অপসারণ চেয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্রবিভাগে লিখিত আবেদনও পাঠিয়েছিলেন। তদন্তকারী ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, "কাদরির ধর্মীয় দৃষ্টিভঙ্গি কট্টরপন্থিদের মতো। আর এটাই ছিলো তাকে অপসারণের জন্য আবেদন করার কারণ।" কাদরির সুপারভাইজার নাসির দুররানি এখন তাসির হত্যাকাণ্ডে পাঞ্জাব সরকারের তদন্তদলের নেতৃত্ব দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৩ ঘ.