২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার কারণ 'অব্যবস্থাপনা'

অব্যবস্থাপনার কারণেই মেক্সিকো উপসাগরে বড় ধরনের তেল দুর্ঘটনা ঘটেছিলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি প্যানেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

লুইজিয়ানা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অব্যবস্থাপনার কারণেই মেক্সিকো উপসাগরে বড় ধরনের তেল দুর্ঘটনা ঘটেছিলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি প্যানেল। বিবিসি জানিয়েছে, তেল বিপর্যয়ের ঘটনায় জড়িত ব্রিটিশ পেট্রোলিয়াম ও অন্যান্য কোম্পানিগুলো ব্যয় কমানো ও সময় বাঁচানোর সিদ্ধান্ত নেওয়ায় ওই দুর্ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কমিশনের চূড়ান্ত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পেছানে কাজ করেছে ধারাবাহিক ব্যর্থতা। এ ঘটনা আবারো ঘটতে পারে বলেও এতে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিবেদনটি আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছে বিবিসি। তেল দুর্ঘটনাস্থলে বিপির নিরাপত্তা নিশ্চিত করার পর্যাপ্ত সক্ষমতা ছিলো না বলে জানায় কমিশন। গত বছর এপ্রিলে মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে ১১ জন নিহত হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় লাখ লাখ গ্যালন তেল পানিতে ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় উপকূলের শত শত মাইল এলাকা। বিপর্যস্ত হয় সামুদ্রিক প্রাণীজগৎ। জুলাইয়ে তেলকূপের ছিদ্র বন্ধ করতে সক্ষম হয় বিপি। বিপি এক বিবৃতিতে বলেছে, তাদের তদন্তের মতো এ প্রতিবেদনেও তেল দুর্ঘটনার বহু কারণ খুঁজে বের করা হয়েছে। এতে আরো অনেক কোম্পানিও জড়িত রয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য বিপি, ট্রান্সওসান ও হালিবার্টনের সমালোচনা করার পাশাপাশি সরকারের অদূরদর্শিতা এবং নিয়ন্ত্রণের সমালোচনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৮ ঘ.