ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীরা আরো এক থেকে দুই হাজার সেনা পাঠানোর জন্য নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধ জানিয়েছে। দেশটিতে অব্যাহত রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে শান্তিরক্ষী বাহিনী এই অনুরোধ জানায়।
বিবিসি জানিয়েছে, আইভরি কোস্টের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান এ্যালাঁ লে রয় আশা করছেন কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সেনারা তাদের সঙ্গে যোগ দেবে।
শান্তিরক্ষীরা আবিদজানে গলফ হোটেলে প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ওই হোটেলেই কার্যালয় স্থাপন করেছেন ওয়াত্তারা।
এ্যালাঁ লে রয় জানান, অবস্থানরত বর্তমান সেনারা বাড়তি দায়িত্ব হিসেবে হোটেলের নিরাপত্তা দিচ্ছে।
এখনো পর্যন্ত প্রেসিডেন্টের পদ দখল করে রাখা ল্যঁরা বাগবো ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে অনড় রয়েছেন।
তবে সঙ্কট নিরসনে আরো আলোচনার ব্যাপারে রাজি হয়েছেন ল্যঁরা বাগবো। তারপরও সঙ্কটের সমাধান অনেক দূরের পথ বলেই মনে করা হচ্ছে।
আফ্রিকার নেতারা বাগবোকে শান্তিপূর্ণভাবে পদত্যাগ করা, নয়তো সামরিক শক্তি প্রয়োগে তাকে উৎখাত করার আল্টিমেটাম দিয়েছে।
কিন্তু বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখেও বাগবোর মধ্যে নতি স্বীকারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
আইভরি কোস্টে গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোয়াসের প্রধান এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন মঙ্গলবার জানান, আইভরি কোস্টে অচলবস্থা চলছে।
তার এ মন্তব্যে সঙ্কটের শান্তিপূর্ণ ও আশু সমাধান সম্ভাবনা তিরোহিত হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই শান্তিরক্ষী বাহিনী আরো সেনা চেয়ে পাঠালো।
আইভরি কোস্টে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১০ হাজার সেনা মোতায়েন আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ঘ.
bdnews24