অস্ট্রেলিয়া, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)--- অস্ট্রেলিয়ায় রেকর্ড মাত্রার বন্যায় কুইসল্যান্ড রাজ্যের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে ৭৫ শতাংশ কয়লা খনি।
এ সমস্ত খনি এশিয়ার ইস্পাত কারখানার জ্বালানির অন্যতম উৎস। কুইসল্যান্ডের প্রধানমন্ত্রী বুধবার একথা জানান।
গত ৫০ বছরের মধ্যে ভয়াবহ এ বন্যায় অস্ট্রেলিয়ার ক্ষতিগ্রস্ত বিশাল এলাকার আয়তন জার্মানি ও ফ্রান্সের সমান। বন্যার পানি এখনো বাড়ছে।
রকহাম্পটন শহরে পানি বেড়ে ইতোমধ্যেই বহু জায়গা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া ছাড়াও কয়লা রপ্তানি বন্দরসহ রেল ও সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে রপ্তানি কমে গিয়ে বিশ্বে কয়লার দাম বেড়ে গেছে।
কুইসল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যানা ব্লিঘ স্থানীয় টেলিভিশনে বলেন, বন্যার কারণে ৭৫ শতাংশ কয়লা খনিতে কাজ হচ্ছে না।
এর ব্যাপক প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক ইস্পাত শিল্পের ওপর।
কুইসল্যান্ড বিশ্বের সর্ববৃহৎ কয়লা রপ্তানিকারক রাজ্য। এখান থেকে রপ্তানি করা কয়লা ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়।
তাছাড়া, অস্ট্রেলিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানীকারক দেশ। বন্যায় এ শস্যের অর্ধেকই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বন্যা দুর্গত এলাকার অধিবাসীরা পানি আটকাতে নদীর তীরে বালির বাঁধ দিচ্ছে। বন্যায় ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। মুত্যু হয়েছে তিনজনের। বন্যার পানির সঙ্গে সঙ্গে বেড়েছে সাপ ও কুমিরের উপদ্রব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৭ ঘ.
bdnews24