২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো আলোচনায় রাজি বাগবো, তবুও অচলাবস্থা

আইভরি কোস্টে নির্বাচন পরবর্তী সঙ্কট অবসানে আরো আলোচনায় রাজি হয়েছেন প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো। তারপরও সঙ্কটের সমাধান অনেক দূরের পথ বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

আবিদজান, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আইভরি কোস্টে নির্বাচন পরবর্তী সঙ্কট অবসানে আরো আলোচনায় রাজি হয়েছেন প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো। তারপরও সঙ্কটের সমাধান অনেক দূরের পথ বলেই মনে করা হচ্ছে। বাগবোর এক ঊর্ধ্বতন সহযোগী মঙ্গলবার রয়টার্সকে বলেন, তিনি আরো আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছেন এবং ওয়াত্তারার ওপর অবরোধও শিথিল করবেন বলে জানিয়েছেন। তবে বাগবো পদত্যাগ করবেন না বলে জানান ওই সহযোগী। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোয়াস এর আগে এক প্রেস রিলিজে জানায়, বাগবো সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে নিঃশর্ত আলোচনায় রাজি হয়েছেন। আলোচনা চালিয়ে যেতে রাজি হওয়ায় বাগবো আফ্রিকান নেতাদের আল্টিমেটাম ভেবে দেখার সময় পাচ্ছেন। আফ্রিকার নেতারা বাগবোকে শান্তিপূর্ণভাবে পদত্যাগ করা, নয়তো সামরিক শক্তি প্রয়োগে তাকে উৎখাত করার আল্টিমেটাম দিয়েছে। কিন্তু বাগবো বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখেও নতি স্বীকারের কোনো লক্ষণ দেখাচ্ছেন না। আইভরি কোস্টে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোয়াসের প্রধান এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন মঙ্গলবার জানান, আইভরি কোস্টে অচলবস্থা চলছে। তার এ মন্তব্যে সঙ্কটের শান্তিপূর্ণ ও আশু সমাধান সম্ভাবনা তিরোহিত হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়নের চার প্রতিনিধি সোমবার বিকালে বাগবোর সঙ্গে বেশ কয়েক ঘণ্টা বৈঠক করেন। কিন্তু ক্ষমতা ছাড়ার ব্যাপারে বাগবোর সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। এরপরপরই ওয়াত্তারার শিবির বৈঠককে ব্যর্থ ঘোষণা করে বলে, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এখন একমাত্র বিকল্প পথ হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ করা। ২০০০ সাল থেকে আইভরি কোস্টে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী বাগবো গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। তবে সে ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। জাতিসংঘ ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ক্ষমতা আঁকড়ে থাকায় বাগবোর প্রতি নিন্দা জানায় আন্তর্জাতিক মহল। তাছাড়া ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে আইভরি কোস্টে সেনাবাহিনী পাঠানোর হুমকিও দেয় ইকোওয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/১৭১৬ ঘ.