২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে প্রবল তুষারবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

প্রবল তুষারবৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলীয় পাঁচটি প্রদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে ৫৮ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

বেইজিং, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল তুষারবৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলীয় পাঁচটি প্রদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে ৫৮ হাজার মানুষ। বুধবার চীনের জনসংযোগ মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় সূত্রে বলা হয়, গত কয়েক দিনের টানা বর্ষণে দক্ষিণাঞ্চলীয় পাঁচটি প্রদেশ জিয়াংজি, হুনান, চোঙ্গকুয়িং, সিচুয়ান ও গুইঝুতে একজন নিহত হয় ও ১২শ বাড়িঘর ভেঙে পড়ে। বিরূপ আবহাওয়ার কারণে প্রদেশগুলোতে ১ লাখ ৪২ হাজার ৪শ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ২০ কোটি ৩৮ লাখ ডলারের আর্থিক ক্ষতি হয়। তুষারবৃষ্টি ও বরফময় আবহাওয়ার কারণে ওই অঞ্চলের কোথাও কোথাও যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। গুইঝু প্রদেশের যোগাযোগ বিভাগ জানায়, গত কয়েকদিনের বিরূপ আবহাওয়ায় মহাসড়কগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার মানুষ গাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে । ৩০ ঘন্টা বন্ধ থাকার পর মহাসড়কগুলো খুলে দিলে যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। গুইঝু প্রদেশের আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করে বলেছে, আবহাওয়ার এ অবস্থা আগামী পাঁচদিন পর্যন্ত চলতে পারে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে শীতকাল অপেক্ষাকৃত মৃদু হলেও আবহাওয়া কখনও কখনও শীতার্ত হয়ে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৯ ঘ.