২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্ট সঙ্কটের আশু সমাধান নেই

পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোয়াসের প্রধান এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন মঙ্গলবার জানিয়েছেন, আইভরি কোস্টে এখনো অচলবস্থা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

আবিদজান, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক ইকোয়াসের প্রধান এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন মঙ্গলবার জানিয়েছেন, আইভরি কোস্টে এখনো অচলবস্থা চলছে। তার এ মন্তব্যে সঙ্কটের শান্তিপূর্ণ ও আশু সমাধান আপাতত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। আইভরি কোস্টে ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোকে প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি করাতে আফ্রিকান নেতাদের ব্যর্থতার পর বিরোধিশিবির বলছে, তাকে এখন সামরিক শক্তি প্রয়োগ করে উৎখাত করা জরুরি। পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়নের চার প্রতিনিধি সোমবার বিকালে বাগবোর সঙ্গে বেশ কয়েক ঘণ্টা বৈঠক করেন। কিন্তু ক্ষমতা ছাড়ার ব্যাপারে বাগবোর সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। জনাথন বলেন, "অচলবস্থা এখনো চলছে। সুতরাং, দল এখনো বৈঠক চালিয়ে যাচ্ছে।" তিনি আরো বলেন, আমরা আলোচনা চালিয়ে যাব..... তবে শেষ বৈঠক পর্যন্ত ইকোয়াসের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।" ওদিকে, ওয়াত্তারার শিবির ইতোমধ্যেই বৈঠককে ব্যর্থ আখ্যা দিয়ে বলেছে, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এখন একমাত্র বিকল্প পথ হচ্ছে সমিারক শক্তি প্রয়োগ করা। ২০০০ সাল থেকে আইভরি কোস্টে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী বাগবো গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। তবে সে ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। জাতিসংঘ ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ক্ষমতা আঁকড়ে থাকায় বাগবোর প্রতি নিন্দা জানায় আন্তর্জাতিক মহল। তাছাড়া ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে আইভরি কোস্টে সেনাবাহিনী পাঠানোর হুমকিও দেয় ইকোওয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/২২২৯ ঘ.