২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগবোর সঙ্গে সমঝোতায় হয়নি আফ্রিকান নেতাদের

আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তরে আইভরি কোস্টের প্রেসিডেন্টের ক্ষমতা দখল করে থাকা ল্যঁরা বাগবোকে রাজি করাতে সফল হননি আফ্রিকান নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

আবিদজান, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তরে আইভরি কোস্টের প্রেসিডেন্টের ক্ষমতা দখল করে থাকা ল্যঁরা বাগবোকে রাজি করাতে সফল হননি আফ্রিকান নেতারা। তবে বাগবোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা সোমবার জানিয়েছেন এক নেতা। পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়নের চার প্রতিনিধি সোমবার বিকালে বাগবোর সঙ্গে বেশ কয়েক ঘণ্টা বৈঠক করেন। কিন্তু বৈঠকে ক্ষমতা ছাড়ার ব্যাপারে বাগবোর সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। তারপর ওয়াত্তারার সঙ্গেও বৈঠক করেন প্রতিনিধিরা। ২০০০ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী বাগবো গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। তবে সে ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। জাতিসংঘ ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ক্ষমতা আঁকড়ে থাকায় বাগবোর প্রতি নিন্দা জানায় আন্তর্জাতিক মহল। তাছাড়া ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে আইভরি কোস্টে সেনাবাহিনী পাঠানোর হুমকিও দেয় ইকোওয়াস। বেনিনের প্রেসিডেন্ট বনি ইয়ায়ি, সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা ও কেপ ভার্দের প্রেসিডেন্ট পেদ্রো পাইরেস ইকোওয়াসের প্রতিনিধি হিসেবে সংকট সমাধানের চেষ্টায় দ্বিতীয়বার আইভরি কোস্ট সফর করলেন। গত সপ্তাহে তারা প্রথম আইভরি কোস্ট সফর করেন। এবার ওই তিন নেতার সঙ্গে আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বৈঠক শেষে করোমা বলেন, "আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এ পর্যায়ে আমরা কেবল বলতে পারি, আলোচনা চলছে।" "আলোচনা চলার সময় আপনি কোনো বিষয়ের চূড়ান্ত ফলাফল প্রত্যাশা করতে পারেন না।", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪২২ ঘ.