২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের রাজনৈতিক সঙ্কটে গিলানিকে প্রেসিডেন্টের সমর্থন

পাকিস্তানের রাজনৈতিক সঙ্কটে সোমবার বিপাকে পড়া প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ইসলামাবাদ, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের রাজনৈতিক সঙ্কটে সোমবার বিপাকে পড়া প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জোট সরকার থেকে ২য় বৃহত্তম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) বেরিয়ে যাওয়ার পর সরকারকে অস্থিতিশীল করার কোনোরকম প্রচেষ্টার বিরুদ্ধে গিলানির পাশে থাকার প্রতিশ্র"তি দিয়েছেন জারদারি। প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী গিলানির ওপর জারদারির পূর্ণ আস্থা আছে এবং জোট সরকারকে অস্থিতিশীল করার কোনোরকম চেষ্টা নস্যাৎ করে দিতে তিনি গিলানির পাশে থাকবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একই রাজনৈতিক দলের হওয়ার কারণে কেউই আগাম সাধারণ নির্বাচন দেখতে চান না। বিরোধীদল পার্লামেন্টে এখনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট আনার উদ্যোগ না নিলেও বিশ্লেষকরা বলছেন, সমর্থন আদায়ের চেষ্টায় থাকা গিলানির জন্য এটিই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সরকারের পরিকল্পনার বিরোধিতা করে জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এমকিউএম। এ মূল্যবৃদ্ধি পাকিস্তানের জনগণের পক্ষে সহ্য করার মতো নয় বলে অভিযোগ করে তারা। তাছাড়া, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটাতে সরকারের ব্যর্থতাও তাদের এ পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করেছে বলে জানায় দলটি। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে জঙ্গি দমনে আরো বেশি কিছু করার জন্য চাপ সৃষ্টির এ সময়ে দেশটিতে এ রাজনৈতিক সঙ্কট দেখা দিলো। ফলে নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান সরকার নতুন করে আরেক সমস্যার মুখে পড়লো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ ঘ.