২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্ট: মানবাধিকার লঙ্ঘন রোধের চেষ্টায় জাতিসংঘ

আইভরি কোস্টে মানবাধিকারের অপব্যবহার সংঘটিত হওয়া এলাকাগুলোতে প্রবেশের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ইউনাইটেড নেশনস, জানুয়ারি ০২, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়র্টাস)---আইভরি কোস্টে মানবাধিকারের অপব্যবহার সংঘটিত হওয়া এলাকাগুলোতে প্রবেশের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষীরা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখা এবং তা ঠেকানোর জন্য ওইসব এলাকায় প্রবেশের এ চেষ্টা চলছে। জাতিসংঘ শনিবার একথা জানিয়েছে। ২০০২-০৩ সালের গৃহযুদ্ধের পর থেকে এখনও আইভরি কোস্টে অস্থিরতা বিরাজ করছে। গত নভেম্বরের বিতর্কিত নির্বাচনের পর দেশটির প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। শনিবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুন- আইভরি কোস্টের নির্বাচনে জয়ী আলাসানে ওয়াত্তারার কাছে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসারকি ওয়াত্তারা ও মুনের ফোনালাপের উল্লেখ করে এক বিবৃতিতে একথা জানান। নেসারকি আরো জানান, যেসব এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তা ঠেকানো, তদন্ত করে দেখা এবং দায়ীদের জবাবদিহি করাতে তা রেকর্ড করার জন্য ওইসব এলাকায় প্রবেশের যথাসাধ্য চেষ্টা করতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনওসিআই-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান। ইউএনওসিআই গত মাসে বলেছে, বাগবো-পন্থী বাহিনী আবিদজানে তাদের প্রবেশে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের কূটনীতিকরা রয়টার্সকে জানিয়েছেন, ইউএনওসিআইকে এখনো ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। বিডিনিউজ টোযেন্টিপোর ডটকম/আরএম/এলকিউ/১৭৫৩ ঘ.