২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রৌসেফ

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিলমা ভানা রৌসেফ। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ব্রাসিলিয়া, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিলমা ভানা রৌসেফ। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। শনিবার শপথ নেওয়ার পর এক ভাষণে তিনি ব্রাজিলের অর্থনৈতিক গতি অক্ষুন্ন রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। রৌসেফ তার রাজনৈতিক গুরু এবং ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দুই মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট লুলা ডি সিলভার স্থলভিষিক্ত হলেন। গত অক্টোবর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন রৌসেফ। রাজধানী ব্রাসিলিয়ায় এক অনুষ্ঠানে ব্রাজিলের ৩৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রৌসেফ। ১৯৫৩ সালে তৈরি একটি রোলস রয়েস গাড়িতে করে তিনি শপথ অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় শুধু নারী রক্ষীরা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলো। শপথ নেওয়ার পর ভাষণে রৌসেফ বলেন, ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার তাৎপর্য তিনি বোঝেন। তিনি আরো বলেন, তিনি দরিদ্রদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি তার আগের সরকারের গৃহীত সব কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি কৌশলগত ক্ষেত্র যেমন ব্যাংক, তেল শিল্প, জ্বালানী ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী ভূমিকা রাখার পক্ষপাতি। লুলা তার সরকারের উপদেষ্টা হিসাবে থাকবেন বলে তিনি ইঙ্গিত দেন। রৌসেফ ২০০৩ সালে লুলা সরকারের জ্বালানীমন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সাল থেকে প্রেসিডেন্টের চিফ অব ষ্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। গত কয়েক বছরে ব্রাজিল বিশ্বে অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। রৌসেফের বর্তমান বয়স ৬৩। তিনি এক সময় ছিলেন মার্কসবাদী গেরিলা। দেশের সামরিক শাসনের সময় তিনি গ্রেপ্তার হন এবং সেনাবাহিনী তার ওপর নির্যাতন চালায়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার কারাদণ্ড হয়। রৌসেফ ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/কেএমএস/১৬১৩ ঘ.