অ্যারানডেল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের একটি কারাগারে একটি ভবন আগুন ধরিয়ে দিয়েছে দাঙ্গাবাজ বন্দিরা।
দেশের দক্ষিণাঞ্চলের অ্যারানডেলের কাছের ফোর্ড কারাগারে শনিবার মধ্যরাতে মদমত্ত বন্দিরা এ কাণ্ড ঘটায় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দাঙ্গায় কেউ হতাহত হয়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। দাঙ্গার এই ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে।
ডেভিড ক্যামেরন সরকার যখন কারাখাতে বরাদ্দ কমানোর কথা ভাবছে, তখন এ দাঙ্গা সে পরিকল্পনা পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রত্যন্ত এলাকার ফোর্ড কারাগারে প্রায় পাঁচশ বন্দি রয়েছে। সেখানে নিয়মনীতি কিছুটা শিথিল। বন্দিরা কারাগারের ভেতরে ঘুরে বেড়ানোর সুযোগ পায়।
কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, প্রায় ৪০ জন বন্দি দাঙ্গায় অংশ নেয়।
কারা কর্মকর্তাদের সংগঠন প্রিজন্স অফিসার্স অ্যাসোসিয়েশনের উপ সাধারণ সম্পাদক মার্ক ফ্রিম্যান বলেন, নববর্ষে বন্দিদের অনেকে মদ খেয়ে মাতাল হয়ে পড়েন। তখন কারা কর্মীরা তাদের রক্তে অ্যালকোহলের মাত্রা পরিমাপ করতে গেলে বন্দিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে ভাংচুর ও পরে তারা একটি ভবনে আগুন ধরিয়ে দেয়।
ওই সময় কারাগারে দুই জন কারা কর্মকর্তা এবং চারজন কর্মী ছিলেন। তবে দাঙ্গা বাঁধার পর প্রায় ২০০ কারারক্ষী ওই কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাঠের একটি ভবন আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের কয়েকটি ভবনও।
কারা কর্মকর্তা ফ্রিম্যান স্কাইনিউজকে বলেন, সরকার কারাখাতে ব্যয় কমানে কারা কর্মকর্তার সংখ্যা কমানোর পরিকল্পনা করছে সরকার।
"কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়ন কতটা বিপজ্জনক হতে পারে, ফোর্ড কারাগারের ঘটনা তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো", বলেন তিনি।
ফ্রিম্যান বলেন, "আমাদের এখনই ১ হাজার কারা কর্মকর্তার ঘাটতি রয়েছে, আরো কর্মকর্তা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৩০ ঘ.
bdnews24